পণ্য সরবরাহে বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ ও ১৪ দলের একতরফা নির্বাচনের বিরুদ্ধে সবাই। মূল বিরোধী দলসহ সব দলের অংশগ্রহণ নিশ্চিত না হলে নির্বাচন অর্থহীন হয়ে যায়। সরকার বিরোধী দলকে নির্বাচনে নিতে পারেনি, অন্যদিকে নির্বাচন বন্ধে আন্দোলনের পথ ধরেছে বিরোধী দল। দফায় দফায় টানা অবরোধে জনজীবন এখন বিপর্যস্ত। আন্দোলনের কারণে খাদ্য, ওষুধ ও জরুরি পণ্যের অভাবে মানুষ যাতে চরম দুর্ভোগে না পড়ে, সেটা কি বিবেচনায় নেওয়ার মতো কোনো বিষয় নয়?
এর আগে বিরোধী দল থেমে থেমে হরতাল-অবরোধ দিচ্ছিল। একটানা অবরোধের মধ্যেও অন্তত রাতে বিরতি থাকত। ওই অবসরে জরুরি পণ্য সরবরাহ সম্ভব হতো। কিন্তু এখন দেখা যাচ্ছে, একটানা অবরোধ দিয়ে একধরনের বিবেকহীন আন্দোলন চালানো হচ্ছে। চাল সরবরাহ যদি বন্ধ থাকে, তাহলে শুধু শহরের মানুষেরই সমস্যা হবে না, এই ভরা মৌসুমে কৃষকও তার ধানচাল বিক্রি করতে পারবেন না।
বিরোধী দলের আন্দোলন নিশ্চয়ই সাধারণ মানুষের বিরুদ্ধে নয়। জনসমর্থিত এসব হরতাল-অবরোধে অবশ্যই মানুষের ভালো-মন্দের প্রতি নজর দিতে হবে। এ না হলে আন্দোলনে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কমে যাবে, যা রাজনৈতিক আন্দোলনের জন্য মোটেও শুভ নয়।
লাগাতার অবরোধ-আন্দোলনের সুযোগ নিয়ে নাশকতামূলক তৎপরতা বেড়ে চলেছে। বিরোধী দল বলছে যে নাশকতার সঙ্গে তাদের সম্পর্ক নেই। যদি তা-ই সত্য হয়, তাহলে আন্দোলনের মধ্যে শৃঙ্খলা নিশ্চিত করা তাদের দায়িত্ব। বিরোধী দল এ দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। নাশকতার ফলে যে লুটপাট ও নৈরাজ্য সৃষ্টি হচ্ছে, তা বন্ধের কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি হয়ে উঠেছে।
হরতাল-অবরোধের সময় সংবাদপত্রসহ অন্যান্য গণমাধ্যম ও সাংবাদিকের গাড়ি চলাচলের ওপর বিধিনিষেধ থাকে না। এর পরও অবশ্য বাধা আসে। অনেক ক্ষেত্রে পত্রিকার গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়া হয়। কিন্তু সেটা আন্দোলন কর্মসূচির মূল ঘোষণার বাইরে বিচ্ছিন্নভাবে ঘটে থাকে। রোগী পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স চলাচলেও বাধা থাকে না। এ রকম আরও কয়েকটি ক্ষেত্রে বিধিনিষেধ প্রত্যাহার করা দরকার।
প্রথমত, খাদ্য ও ওষুধ সরবরাহ হরতাল-অবরোধের আওতার বাইরে রাখতে হবে। চাল-ডাল-শাকসবজি ছাড়া মানুষের দৈনন্দিন জীবন চলে না। অনেক জরুরি ওষুধ বিদেশ থেকে আমদানি করা হয়। দেশে তৈরি ওষুধও বিভিন্ন জেলায় পাঠাতে হয়। জীবন রক্ষাকারী এসব ওষুধ সরবরাহে ঘাটতি দেখা দিলে মানুষের জীবনে চরম অনিশ্চয়তা দেখা দেবে। দায়িত্বশীল কোনো রাজনৈতিক দলই এসব বিষয়ে নির্বিকার থাকতে পারে না।
কিছু জরুরি পণ্যের আমদানি-রপ্তানি যেন বাধাগ্রস্ত না হয়, সেটাও দেখা দরকার। বিশেষভাবে তৈরি পোশাক রপ্তানি কার্যক্রম যেন চলে, তা নিশ্চিত করা প্রয়োজন। বন্দরে পণ্য সরবরাহ অবাধ হতে হবে। এগুলো ন্যূনতম প্রয়োজন।
খাদ্য ও ওষুধ পরিবহনে ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল হরতাল-অবরোধের আওতামুক্ত বলে অবিলম্বে ঘোষণা দেওয়া হোক। বিএনপির নেতৃত্বাধীন বিরোধী দলের পক্ষ থেকে এ রকম পদক্ষেপ গ্রহণ অপরিহার্য দায়িত্ব হিসেবে বিবেচিত হওয়া দরকার।