পথ হারাবে বাংলাদেশ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পথ হারাবে না বাংলাদেশ’ প্রথম আলোর এই স্লোগানে আমরা আস্থা রাখতে চাই। স্বাধীনতার ৪২ বছরে আমরা অনেক কিছু অর্জন করেছি। দেশ সমৃদ্ধ হয়েছে। কিন্তু দেশ বর্তমানে যেভাবে চলছে, রাজনীতিবিদেরা যা করছেন, তাতে এই স্লোগানে ভরসা রাখা কঠিন হয়ে পড়েছে। আমাদের সব অর্জনকে ম্লান করে দিচ্ছে, রাজনীতির দুর্বৃত্তায়ন।
বৈষয়িক দিক থেকে বিভিন্ন বৈশ্বিক সূচকে বিগত পাঁচ বছরে অনেক দূর এগিয়েছে বাংলাদেশ। বিশেষ করে স্বাস্থ্য খাতের প্রায় সব সূচকেই বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর চেয়ে অনেক ধাপ এগিয়ে আছে। কিন্তু রাজনৈতিক কারণে কৃষক-শ্রমিকের অক্লান্ত পরিশ্রমে অর্জিত এই অগ্রগতি আজ ম্লান হয়ে যাচ্ছে।
সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে, রাজনৈতিক অস্থিরতাকে সামাল দিতে না পারা। আন্দোলনের নামে প্রায় পুরো দেশটাই আজ সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছে। বিজয়ের মাসে স্বাধীনতার পরাজিত শক্তিরা ঘোষণা দিয়েই গাড়ি পোড়াচ্ছে, মানুষ পোড়াচ্ছে।
প্রধান বিরোধী দল নিজেদের উদার গণতান্ত্রিক দাবি করলেও এসব অপকর্মের সঙ্গে তারাও জড়িত। গীতা সেনের মতো আমাদেরও বলতে ইচ্ছে করছে, আমরা আমাদেরটা খাই, আপনাদের আমরা বানাই, আমরা কেন নাশকতার শিকার হব? আমরা পথ হারাতে চাই না। মানুষকে, মানবতাকে বিপন্ন দেখতে চাই না। দেশপ্রেম আর মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে তরুণ প্রজন্মকে বিভক্ত দেখতে চাই না। কিন্তু রাজনীতির দুর্বৃত্তায়ন বন্ধ না হলে সেটা কি সম্ভব?
অপার সম্ভাবনার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আমরা রাহুমুক্ত দেখতে চাই। আমাদের তরুণ প্রজন্ম যাতে পথ না হারায়, সেভাবেই কাজ করার জন্য রাজনীতিবিদদের প্রতি আমাদের আকুল আবেদন। আমরা মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ অবশ্যই চাই। কিন্তু চেতনার কথা বলে যাঁরা দুর্বৃত্তায়ন আর ব্যক্তিগত চাওয়া-পাওয়ার বৃত্তে দেশকে বেঁধে ফেলেন, তাঁদের নয়। যাঁরা এই বৃত্ত ভেঙে বেরিয়ে আসতে পারবেন, তাঁদেরই আমরা দেখতে চাই। নইলে পথ হারিয়ে বাংলাদেশ গভীর খাদের কিনারে চলে যাবে।
শহীদুর রহমান
ইস্কাটন গার্ডেন রোড, ঢাকা।