পয়লা বৈশাখের আনন্দ উদ্যাপনের প্রাক্কালে দুর্ঘটনায় প্রাণ গেল আটজনের। সড়ক যোগাযোগ থেকে শুরু করে সব ক্ষেত্রেই যে নৈরাজ্য চলছে, তাতে দুর্ঘটনাই হয়ে গেছে নিয়মিত বিষয়। যতই তিক্ত শোনাক, এসব দুর্ঘটনা এবং তাতে হতাহতের বাস্তবতাই এখন স্বাভাবিক, অস্বাভাবিক হলো নিরাপদ ও আনন্দময় ভ্রমণ। দুর্ঘটনায় মৃত্যুহীন দিন পঞ্জিকা থেকে বিদায় নিয়েছে বলা চলে।
সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশনে গত রোববার থেমে থাকা একটি ট্রেনের ওপর উঠে পড়ে আরেকটি চলন্ত ট্রেন। রেলপথে যে নিয়ন্ত্রণের মধ্যে ট্রেন চলাচল করে, তাতে এ ঘটনা কোনোভাবেই ঘটার কথা ছিল না। কিন্তু তা ঘটেছে এবং ঝরে গেছে দুটি প্রাণ। আহত হয়েছেন প্রায় ৫০ জন যাত্রী। ঢাকার মিরপুর সড়কে উল্টো দিক থেকে আসা মাইক্রোবাসের ধাক্কায় নিহত হয়েছেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র। গাজীপুর-টঙ্গীতে দুটি ট্রাক ও দুটি লেগুনার মুখোমুখি সংঘর্ষে মারা যান আরও পাঁচজন। প্রায় প্রতিটি ক্ষেত্রেই দেখা যাবে, অনিয়ম আর উদাসীনতার বলি হচ্ছে সাধারণ মানুষের জীবন। বিনা পরীক্ষায় চালকদের লাইসেন্স দেওয়ার পক্ষে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদেরও তৎপর দেখা যায়।
মহাসড়ক থেকে শুরু করে নগরের সড়কগুলো, বিশেষত ঢাকা মহানগরের সড়কের দিকে তাকালে মনে হয় না যে এখানে কোনো পরিকল্পনা কাজ করছে। সড়কের তুলনায় অতিরিক্ত যানবাহন, অনুপযোগী পথঘাট, আর দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা মিলিয়ে এক দুর্বিষহ অবস্থা। সরকারি হিসাবে বছরে প্রায় তিন হাজার লোক সড়ক দুর্ঘটনায় মারা যান। তবে সব মৃত্যুর কারণ হিসেবে সড়ক দুর্ঘটনা নিবন্ধিত না হওয়ায় প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। যানবাহনের তুলনায় বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার পৃথিবীর মধ্যে প্রায় শীর্ষে: প্রতি ১০ হাজার যানবাহনে ৮৫টি মৃত্যু। পশ্চিমা দেশগুলোর তুলনায় এ হার প্রায় ৫০ গুণ বেশি। ১০-১৪ বছর বয়সীদের মৃত্যুর অন্যতম কারণ সড়ক দুর্ঘটনা। একদিকে গণদুর্ভোগ, অন্যদিকে গণমৃত্যু দিয়ে দেশের সড়ক-মহাসড়কগুলো পরিণত হয়েছে গণবিধ্বংসী অস্ত্রে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক হিসাবে সড়ক দুর্ঘটনার কারণে জিডিপির অন্তত ২ শতাংশ হারিয়ে যায়।
দুর্ঘটনারও শ্রেণীচরিত্র রয়েছে। বেশির ভাগ ক্ষেত্রে দরিদ্র লোকজনই বেশি দুর্ঘটনার শিকার হন। যোগাযোগব্যবস্থা যত দিন গণকেন্দ্রিক না করা হচ্ছে, ব্যক্তিগত ছোট ছোট গাড়ির জায়গায় মেট্রোরেল বা এজাতীয় গণপরিবহন চালু না হচ্ছে এবং মহাসড়কে ছোট ছোট যানবাহন চলাচল বন্ধ না করা হচ্ছে, তত দিন সড়কে নিরাপত্তা আসবে না। চালকদের মান বাড়ানো, যাত্রী, চালক, মালিক এবং বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে মহাপরিকল্পনা গ্রহণ করতে হবে। উড়ালসড়ক বানালেই হবে না, ঢাকা ও দেশের জন্য উপযোগী গণপরিবহনের ব্যবস্থা করতে হবে। ব্যক্তিগত গাড়ির সংখ্যা বাড়তে দেওয়া যাবে না।
সদিচ্ছা থাকলে উপায় থাকে। কিন্তু বাণিজ্যিক স্বার্থের কাছে জনগণের স্বার্থ পরাজিত হওয়ায় সড়কে নিরাপত্তা প্রতিষ্ঠিত হতে পারছে না। এ ব্যাপারে ভুক্তভোগীদের জোরালো দাবি তোলার বিকল্প নেই।