ঈদ আসছে আর রাজধানীতে ছিনতাই বাড়ছে। গত জুন মাসে ছিনতাইয়ের ঘটনা ছিল ১৫০টি। এ মাসের হিসাব দেখলে আতঙ্কিত হতে হয়। গত প্রায় ১৫ দিনে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ১২০টি। র্যাবের মহাপরিচালকের মত অনুযায়ী, পরিস্থিতি নাকি এখনো র্যাব-পুলিশের নিয়ন্ত্রণেই আছে। তাহলে কি ধরে নিতে হবে যে হাজারের কোঠা না ছাড়ানো পর্যন্ত পুলিশ-র্যাবের টনক নড়বে না?
দিনদুপুরে ছিনতাই বাড়ছে। এটা আশঙ্কার আরেকটি দিক। তার মানে পুলিশকেও অপরাধী চক্র পরোয়া করে না। ১৭ জুলাই পলাশীর মোড়ে ছিনতাইকারীরা এক ভ্যানচালককে গুলি করে ফলভর্তি ভ্যান নিয়ে গেছে। এর আগে ১৪ জুলাই রাতে পুরান ঢাকার আনন্দবাজার এলাকায় ছিনতাইকারীরা এক ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে কুপিয়ে এক লাখ টাকা ও ১০টি মুঠোফোন নিয়ে গেছে। ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তারাই বলছেন যে পৌনে ৩০০ স্থানে ছিনতাই হচ্ছে। এর পরও পুলিশ নির্বিকার কেন? ওরা মোড়ে মোড়ে টহল বসিয়েই দায়িত্ব শেষ করছে। কিন্তু সেই টহলদার পুলিশ যে কী করছে, তার হিসাব কে রাখে?
ছিনতাইয়ের ঘটনাগুলো পুলিশ ধামাচাপা দিয়ে রাখতে চায়। ওরা ছিনতাইয়ের মামলা নিতে চায় না। মামলা না করে নামকাওয়াস্তে জিডি করতে বলে, এমন খবরও এসেছে। তাহলে মানুষ প্রতিকার পাবে কোথায়? এ ধরনের প্রতিটি ঘটনা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উদ্যোগে অনুসন্ধান করে দেখা প্রয়োজন।জবাবদিহি না থাকলে পুলিশের নির্লিপ্ত মনোভাব দূর করা যাবে না।
ঢাকা মহানগরে আগে ছিল ১২টি থানা, এখন ৪৯টি। আশা করা হয়েছিল, এর ফলে অপরাধ কমানো যাবে। কিন্তু বাড়ছে কেন? ছিনতাই রোধে অন্তত দুটি কাজ করা দরকার। প্রথমত, নগরের মাদকসেবী ও মাদক বিক্রেতাদের ঘাঁটিতে হানা দিতে হবে। কারণ, সেখানেই বেশির ভাগ অপরাধীর আনাগোনা। দ্বিতীয়ত, ছিনতাইকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। পুলিশ চাইলে ছিনতাই ও ছোটখাটো অপরাধ নিয়ন্ত্রণে রাখা খুবই সম্ভব।