পদবিভ্রাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অনেকগুলো জায়গায় সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তাঁদের ভাষায় পেশাগত বৈষম্যের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছেন। পেশায় ও পদে বিভাজন থাকতেই পারে, কিন্তু মর্যাদা ও সুযোগের বৈষম্য আরও বাড়লে পেশার ক্ষেত্রে বিশৃঙ্খলা ও অনিষ্ঠা সৃষ্টি হয়। হবু ডিপ্লোমা প্রকৌশলীরা প্রকৌশলী হিসেবেই বিবেচিত ও মূল্যায়িত হতে চান; তাঁরা মোটেই সুপারভাইজার হিসেবে চিহ্নিত হতে চান না। তাঁদের বক্তব্যে যুক্তি আছে।
সরকার ২০০৮ সালে যে অধ্যাদেশ জারি করেছে, সেখানে প্রকৌশলীদের সংজ্ঞার মধ্যে কেবল বিএসসি ডিগ্রিধারীদের রাখা হয়েছে, ডিপ্লোমা প্রকৌশলীদের রাখা হয়নি। পরিবর্তিত সংজ্ঞায় চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী প্রকৌশলীদের ডিপ্লোমা ইন সুপারভাইজার বলা হয়। এই পরিবর্তনের ফলে পেশাগত ক্ষেত্রে তাঁরা এক ধাপ নিচে নেমে যাবেন, অর্থাৎ দ্বিতীয় শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীর সরকারি চাকুরে হিসেবে গণ্য হবেন; এমনটাই সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আশঙ্কা। এর বিরুদ্ধে ক্ষোভ-বিক্ষোভ থাকতেই পারে, কিন্তু তার জন্য রাস্তা অবরোধ করে পুলিশের সঙ্গে সংঘাতে লিপ্ত হতে হবে কেন? চাপ দিয়ে বা বল প্রয়োগ করে দাবি আদায় কখনো একমাত্র পন্থা হতে পারে না। মুশকিল হচ্ছে, সরকার ও রাষ্ট্রীয় প্রশাসন বিভিন্ন সময় সরকারি কর্মজীবীদের সঙ্গে আলোচনা না করেই সিদ্ধান্ত নিয়ে নেয়। স্বভাবতই এই অগণতান্ত্রিক পন্থা ভুক্তভোগীদের মধ্যে ক্ষোভের জন্ম দেয়। তারা নিজেদের বঞ্চিত ও পরিত্যক্ত বলে মনে করা শুরু করে। এতে করে কেবল পেশাগত নৈরাজ্যই সৃষ্টি হয় না, তাঁদের মধ্যে সেবাদানের উৎসাহে ভাটা পড়ে। এরই প্রতিফলন ঘটেছে রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধে।
পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ডিপ্লোমা চার বছর মেয়াদি। এটা কম নয়, আবার এই শিক্ষার সঙ্গে সংগতিপূর্ণ পদায়ন কী হতে পারে, সেটাও নতুন করে ভাবতে হবে। দৃশ্যত, ২০০৮ সালের অধ্যাদেশকে যথাযথ মনে করা যাচ্ছে না। এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট বিভাগের উচিত, শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট গবেষকদের সঙ্গে আলোচনা করে দ্রুতই একটা সংশোধনের দিকে যাওয়া। পাশাপাশি সব ডিপ্লোমা ডিগ্রির মান বাড়ানোরও বিকল্প নেই।