পেশাজীবী সংগঠন, জনপ্রশাসন থেকে শুরু করে সমাজের প্রতিটি পর্যায়ে দলীয় রাজনীতি এতটাই প্রকট ও হিংস্র পর্যায়ে পৌঁছেছে যে আমরা একজন বিবেকবান মানুষ হিসেবে সুস্থভাবে চিন্তা করার শক্তিটুকুও হারিয়ে ফেলেছি। তা না হলে শুধু বিপক্ষ দলের সমর্থক হওয়ায় আইনজীবী সিমকী ইমামের ওপর এমন বর্বরোচিত হামলা কেউ চালাতে পারে? হোক না সে অন্য দলের, তবু তো সে একজন নারী—তারও আগে একজন ‘মানুষ’। যারা নারীর প্রতি এ ধরনের অসম্মানজনক আচরণ করে, তারা কি আদৌ মানুষ?
এ ঘটনাটির পেছনে আমাদের রাজনীতির একটি বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য উন্মোচিত হয়েছে বলে আমি মনে করি। আর আন্দোলনের জায়গা দখল করেছে ‘সহিংসতা’ ও ‘নৃশংসতা’। আন্দোলনের কর্মসূচিতেও এখন আর দলীয় কর্মীরা অংশ নেন না। তাঁদের বদলে কাজ করে নীতি ও আদর্শহীন ভাড়া করা সন্ত্রাসীরা—যারা শুধু টাকার বিনিময়ে যেকোনো ধরনের ন্যক্কারজনক ঘটনা অথবা নাশকতা করতে একটুও দ্বিধাবোধ করে না।
আন্দোলনের এই বদলি চরিত্র, আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ ও নৈতিকতার জন্য চরম হুমকিস্বরূপ। ভবিষ্যতে হয়তো এর জন্য আমাদের এর চেয়ে অনেক বেশি মূল্য দিতে হবে। রাজনীতিবিদদের এখনই এ বিষয়গুলো খুব গুরুত্ব দিয়ে ভাবা দরকার। দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে পরমতসহিষ্ণুতা দেখান—অপরের মতামতকে শ্রদ্ধা দেখালে নিজেও শ্রদ্ধা পাবেন।
সাবিনা পারভীন, গোড়ান, ঢাকা।