দেশে দীর্ঘদিন থেকে পরিবহন খাতে চাঁদাবাজি চলে আসছে৷ যে দল ক্ষমতায় থাকে, সেই দলের নেতা–কর্মীরা পরিবহন খাতের চাঁদাবাজি নিয়ন্ত্রণ করেন। এখানে লাখ লাখ টাকার চাঁদাবাজি হয় বলে দলীয় নেতা-কর্মী ও ক্যাডারদের মধ্যে ঝগড়া–বিবাদ লেগেই আছে৷ সম্প্রতি নারায়ণগঞ্জে সাত খুনের সঙ্গে যে নূর হোসেনের নাম এসেছে, তিনি দৈনিক ৩০-৪০ লাখ টাকার পরিবহন খাতসহ অন্যান্য খাতে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করে গেছেন। এসব চাঁদা আবার তিনি নাকি প্রশাসনসহ অন্যান্য পর্যায়েও বিতরণ করেছেন, সে সংবাদ পত্রপত্রিকায় এসেছে।
এখন রাষ্ট্রের কাছে প্রশ্ন, পরিবহন খাতে এসব চাঁদাবাজি কি বন্ধ করা যায় না? বা অন্য কোনোভাবে রাষ্ট্রের বা দেশের উন্নয়নে সহায়ক হবে সে ধরনের কিছু কি আমরা চিন্তা করতে পারি না? এসব অবৈধ চাঁদাবাজি বন্ধের জন্য সব রাজনৈতিক দল একমত হয়ে জরুরিভাবে একটি আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের প্রতি অনুরোধ করা হলো।
ফরহাদ কিসলু
স্টেশন রোড, মাইজদী কোর্ট, নোয়াখালী।