একাদশ শ্রেণীর ২০১৩-১৪ শিক্ষাবর্ষের প্রায় সব বিষয়ে পাঠ্যবই পরিমার্জিত নতুন কারিকুলামে সৃজনশীল প্রশ্নকাঠামো অনুসারে প্রণীত হয়েছে। ইতিমধ্যেই প্রায় চার মাস ক্লাস হয়েছে। নতুন পাঠ্যবই অনুসারে শিক্ষকেরা সৃজনশীল পদ্ধতিতে পাঠদান ও প্রশ্ন প্রণয়ন করছেন। জানতে পারলাম, শিক্ষা মন্ত্রণালয় ১০টি বিষয়ে সৃজনশীল প্রশ্নপদ্ধতি এক বছরের জন্য স্থগিত করেছে। তবে নতুন কারিকুলামের পাঠ্যবই বহাল থাকবে।
শোনা যাচ্ছে, সৃজনশীল প্রশ্নপদ্ধতির বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ হয়নি বলে এ পদ্ধতি আপাতত স্থগিত করা হয়েছে। প্রশিক্ষণ শেষ হলে এ পদ্ধতির প্রজ্ঞাপন জারি করা হবে। এখন কোন পদ্ধতিতে পড়াতে হবে এবং নম্বর বিভাজনের ব্যাপারে কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। এ জন্য কয়েক হাজার শিক্ষক ও কয়েক লাখ ছাত্রছাত্রী অনিশ্চয়তার মধ্যে আছে।
২০১৫ সালের শিক্ষা বোর্ডগুলোর এইচএসসি পরীক্ষার প্রশ্নপদ্ধতি ও নম্বর বিভাজনের প্রজ্ঞাপন দ্রুত জারি করে শিক্ষক ও ছাত্রছাত্রীদের নিশ্চিত করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি।
ফরহাদ, ঢাকা।
[email protected]