পর্যটনশিল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে এখন একটি পর্যটন মেলা চলছে। এ ধরনের মেলার লক্ষ্যের বিষয়টি পরিষ্কার; পর্যটনশিল্পের বিকাশ ঘটানো এবং পর্যটকদের আকৃষ্ট করা। বেসরকারি পর্যায়ে একটি পর্যটনবিষয়ক সাময়িকীর উদ্যোগে দশমবারের মতো এ ধরনের একটি মেলা আয়োজনের বিষয় নিঃসন্দেহে ইতিবাচক। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই খাতের উন্নয়নে সরকারের তরফে আদৌ পর্যটকসহায়ক কোনো নীতি বা উদ্যোগ নেওয়া হচ্ছে কি?
পর্যটনশিল্প যে সরকারের প্রাধান্য পাওয়া খাতগুলোর মধ্যে নেই, সেটা পরিষ্কার। দেশে পর্যটন নীতিমালা হয়েছে ১৯৯২ সালে, সেই নীতিমালা অনুযায়ী প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি ন্যাশনাল টুরিজম কাউন্সিল হওয়ার কথা। নয় বছর পর ২০০১ সালে এই কাউন্সিলের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় বৈঠক হয়েছে ২০১০ সালে, আবারও নয় বছর বিরতি দিয়ে। ১৯৯২ সালে যে খাতটিকে শিল্প খাত ও থ্রাস্ট সেক্টর হিসেবে ঘোষণা করা হয়েছে, তার প্রতি এই হচ্ছে সরকারের মনোযোগ!
অথচ খাত হিসেবে সারা দুনিয়াতেই পর্যটন এক বড় শিল্প হিসেবে জায়গা করে নিচ্ছে। বর্তমানে শিল্প খাতে বিশ্বের মোট জিডিপির প্রায় ১০ শতাংশ আসছে এই খাত থেকে। অন্য সব শিল্পের সঙ্গে প্রতিযোগিতা করে পর্যটন এই স্থান দখল করে নিয়েছে। বাংলাদেশেও এই শিল্পের সম্ভাবনা অসীম। এই খাতে বর্তমানে যথেষ্ট বেসরকারি বিনিয়োগ হলেও শিল্প হিসেবে প্রয়োজনীয় সহায়তা বা প্রণোদনা সরকারের কাছ থেকে পাওয়া যাচ্ছে না।
বেসরকারি পর্যায়ে যেসব প্রতিষ্ঠান বর্তমানে টুর অপারেট করছে, তারা পর্যটন খাতের বিকাশে সরকারের কাছ থেকে বেশ কিছু নীতি সহায়তা ও প্রণোদনা প্রত্যাশা করছে। করের ক্ষেত্রে রেয়াত, ব্যাংক রেট অনুযায়ী বৈদেশিক মুদ্রার বিনিময়ের বিষয়টি নিশ্চিত করা, সার্ভিস চার্জের ওপর থেকে ভ্যাট প্রত্যাহার, করমুক্ত যানবাহন, কারনেটের মাধ্যমে আন্তসীমান্ত পর্যটন বা ব্যাংকঋণ পাওয়ার সুবিধার মতো বিষয়গুলো তাদের দাবিদাওয়ার মধ্যে রয়েছে। পর্যটন যেহেতু একটি সম্ভাবনাময় শিল্প, সে কারণে খাতটিকে প্রণোদনা দিতে এসব বিষয় বিবেচনায় নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানাচ্ছি।
সরকার ২০১৬ সালকে পর্যটনবর্ষ হিসেবে ঘোষণা করেছে। সরকার যদি সত্যিই এই খাতের বিকাশ চায়, তবে এর আগেই কার্যকর উদ্যোগ ও নীতি-সহায়তা জরুরি।