আতঙ্কিত রয়েছি বছর ধরেই। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, এর থেকে একচুল পরিমাণ ব্যত্যয় ঘটবে না। অন্যদিকে বিরোধী দল ঘোষণা করেছে, যেকোনো মূল্যে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনবে। অর্থটা আমার মতো রাজনীতিতে নির্বোধের কাছেও পরিষ্কার। আগামী কয়েক মাস দেশে চলবে সংঘাত ও সহিংসতা। ছাত্রদল-যুবদল বনাম ছাত্রলীগ-যুবলীগ; ১৮ দল ক্যাডার বনাম মহাজোট ক্যাডার; র্যাব-পুলিশ-বিজিবি বনাম ১৮ দল সমর্থক; মানে সহিংসতা।
টানা হরতালে ভীতুরা গৃহবন্দী থাকবে। সাহসী এবং অফিস, আদালতগামী, স্কুলযাত্রী, জীবিকার তাগিদে বেরোনো পোশাকশ্রমিক, রিকশাওয়ালা, পথিক গুলি খেয়ে ঝুলে থাকবে অথবা রাস্তায় পড়ে থাকবে। ককটেল, চাপাতি, রামদা সচল হবে, ভয়ার্ত বিশ্বজিতেরা মারা যাবে। অসংখ্য যানবাহন, কিছু যাত্রীসহ, কিছু দাঁড়ানো অবস্থায় পুড়বে, রেলব্যবস্থা ভেঙে পড়বে, উৎপাদন ও রপ্তানি চুলায় যাবে। বেশ কিছু প্রাণ এবং অর্থনীতিতে ১০-২০ বিলিয়ন ডলার ক্ষয়ক্ষতির পর পবিত্র সংবিধান রক্ষা বনাম তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্রের সুরক্ষার যে মহারণের প্রস্তুতি চলছে, তার একটা সুরাহা হবে।
এ ধরনের ধ্বংস-নাটক গত বিএনপি সরকারের সময় হয়েছে, এবারও মনে হয় ঘটবে। পরবর্তী নির্বাচনেও এর ব্যত্যয় ঘটবে বলে মনে হয় না। জনসাধারণ এতে অভ্যস্ত হয়ে যাচ্ছে। ধ্বংসযজ্ঞকে নিয়ে ভয় পেয়ে লাভ নেই, এটা অনেকটা অবধারিত। আমরা শুধু ভাবছি ধ্বংসযজ্ঞের পর কে কী করবেন!
যেমন বর্তমান ব্যবস্থায় ১৮ দল ক্ষমতায় এলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনবে কি না? আনলে নির্দিষ্ট সময়ের জন্য, নাকি অনন্তকালের জন্য? ভারতবিরোধিতা অব্যাহত রাখবে কি না? অভিন্ন নদীসমূহের পানি বণ্টন ও অনিষ্পন্ন সীমানা সমস্যা কীভাবে সমাধান করবে? পবিত্র সংবিধানে পুনঃ অস্ত্রোপচার করে আর কী কী সংশোধন করবে? নিরপেক্ষতা ও আন্তর্জাতিক মানের দোহাই দিয়ে চলমান মানবতাবিরোধী ট্রাইব্যুনাল ও এর রায়সমূহ বাতিল করবে কি না? দুটি পদ্মা সেতু কোথায় কোথায় স্থাপন করবে? ধর্মভিত্তিক রাজনীতি বা হেফাজতের ১৩ দফা বাস্তবায়নের কী হবে, তারেক রহমান ফিরবেন কি না— এমন অসংখ্য প্রশ্ন মনে জাগছে।
অন্যপক্ষে সরকারি দল হেরে গেলে ১৮ দলকে নামানোর জন্য তারা তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন করবে কি না, বর্তমানে তাদের কাছে নিন্দিত, তথাকথিত গণতান্ত্রিক অধিকার লাগাতার হরতাল, অবরোধ, অগ্নিসংযোগ, ভাঙচুর শুরু করবে কি না, করলে ১৮ দল সরকারের কোন বছর থেকে শুরু করবে, সজীব ওয়াজেদ জয় কবে মাঠে নামবেন ইত্যাদি অনেক কিছু।
এসব প্রশ্নের জবাবের জন্য সুধীজন সেপ্টেম্বর মাসের পুরোটাই কোনো একটা টেরেস্ট্রিয়াল টেলিভিশন, বিটিভি অথবা সংসদ টিভিতে একটা পলিটিক্যাল আওয়ারের দাবি করতে পারেন। ধরা যাক ১৮ দল শনি, সোম ও বুধবার তাদের অবস্থান ব্যাখ্যা করবে এবং সরকারি দল মনোনীত তিনজন সাংবাদিক তাদের নানা প্রশ্নে তুলোধুনো করবেন। অন্যপক্ষে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সরকারি দলকে তুলোধুনো করবেন ১৮ দলপন্থী তিন সাংবাদিক। প্রথম শুক্রবার সরকারি দল ও ১৮ দলের দুজন করে নেতা-নেত্রী দুই দল মনোনীত চারজন সাংবাদিক ও উপস্থিত দর্শকদের প্রশ্নের মুখোমুখি হবেন।
শেষ সপ্তাহের শুক্রবারে হাসিনা ও খালেদা ১৮ দল ও সরকারি দল মনোনীত চারজন সাংবাদিক ও উপস্থিত জনগণের মুখোমুখি হবেন। শুক্রবারের আলোচনায় বক্তাদের মাইক কম্পিউটার-নিয়ন্ত্রিত হবে এবং নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে নীরব হয়ে যাবে। তারপর উভয় দল সমঝোতায় আসতে পারে অথবা ধ্বংসযজ্ঞে হাত মেলাতে পারে এবং নভেম্বরের ১ তারিখ থেকে দেশকে ধ্বংস করার গণতান্ত্রিক অধিকার চালিয়ে যেতে পারে। আমরা জনগণ প্রবল অনিচ্ছায় এ ধ্বংসযজ্ঞের জন্য প্রস্তুত। আমরা শুনতে চাই, জানতে চাই, বুঝতে চাই এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে চাই।
ড. মো. রশিদুজ্জামান খান
উত্তরা, ঢাকা।