ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের উরি এলাকায় ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তরে সন্ত্রাসী হামলায় ১৯ ভারতীয় সেনা নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের বেসামরিক নেতৃত্ব ও সামরিক বাহিনীর মধ্যে বিভেদ আরও প্রকট হয়েছে। মূলত কাশ্মীর সমস্যার সমাধান কী করে হবে, তা নিয়ে এই বিভেদ।
গত প্রায় তিন মাসে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে ব্যাপক গণবিক্ষোভ ভারতকে বিব্রত করেছে। ভারতীয় নিরাপত্তা বাহিনীর নানা ধরনের কড়া পদক্ষেপও এই বিক্ষোভ প্রশমিত করতে পারেনি। কিন্তু কাশ্মীরের এই পরিস্থিতির বিষয়ে যখন আন্তর্জাতিক মহল সাড়া দিতে শুরু করল, তখন পাকিস্তানি কূটনীতি দুটি দিক দিয়ে পিছিয়ে পড়ল। প্রথমটি হলো, গত কয়েক বছরে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে যে কয়টা হামলা হয়েছে, তার মধ্যে কয়েকটি চালিয়েছে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়্যেবা (এলইটি) এবং জইশ-ই-মহম্মদ (জেইএম)। এলইটি ও জেইএমের মতো জঙ্গি সংগঠনগুলোর বিরুদ্ধে পাকিস্তান কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় ভারতসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ সদস্যরা অত্যন্ত হতাশ হয়েছে। অনেকের ধারণা, এসব জঙ্গি সংগঠনের সঙ্গে পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলোর ঘনিষ্ঠতা রয়েছে।
দ্বিতীয়টি হলো, গত জুলাই মাসে হিজবুল মুজাহিদিনের এক কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পর কাশ্মীরে বিক্ষোভের সূত্রপাত হয়। কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে অশান্তি শুরু হয়ে যায়। নারী-পুরুষনির্বিশেষে রাস্তায় নেমে পুলিশ আর সেনাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ দেখানো শুরু করে। এসব বিক্ষোভের প্রতি পাকিস্তান জোরালো সমর্থন ব্যক্ত করে। সর্বশেষ গত ১৮ সেপ্টেম্বর উরিতে ভারতীয় সেনাবাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলার পর ভারত এর জন্য পাকিস্তানকে দায়ী করে। ভারত এর জবাবে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানশাসিত কাশ্মীরে হামলা চালায়। এরপর দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়।
এদিকে নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি নিয়ে পাকিস্তানে উচ্চপর্যায়ের বেশ কয়েকটি বৈঠক হয়। এসব বৈঠকে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে জঙ্গি সংগঠনগুলোকে পৃষ্ঠপোষকতার অভিযোগ আনা হয়। পাকিস্তানে অনুষ্ঠেয় সার্ক শীর্ষ সম্মেলন স্থগিত হয়ে যাওয়ার পর এসব বৈঠক অনুষ্ঠিত হয়। পাকিস্তানে সম্মেলনের পরিবেশ বিরাজ করছে না—এই অজুহাত দেখিয়ে সার্কের আটটি সদস্যরাষ্ট্রের সাতটিই সার্ক সম্মেলনে যেতে রাজি হয়নি। এটা নিঃসন্দেহে পাকিস্তানের পররাষ্ট্রনীতির বিরাট ব্যর্থতা, যা পাকিস্তানকে দক্ষিণ এশিয়া থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। প্রকৃতপক্ষে পাকিস্তানের বেসামরিক সরকার কাশ্মীর নীতির বিষয়টি নিয়ন্ত্রণ করে না। এ ব্যাপারে সেনাবাহিনীকে কোনো কিছু বোঝানোর ক্ষমতাও বেসামরিক সরকারের নেই।
এটা এখন বলার অপেক্ষা রাখে না যে আফগানিস্তানে তালেবানের সর্বাত্মক যুদ্ধের প্রতি পাকিস্তানের অব্যাহত সমর্থন দেশটির ভাবমূর্তি অনেকাংশে ক্ষুণ্ন করেছে। পাকিস্তানের রাষ্ট্রব্যবস্থার বেসামরিক অংশ যে সে দেশের সেনাবাহিনীর আফগান নীতির ওপর আধিপত্যের ব্যাপারে সচেতন। এই আধিপত্যই আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছেদ করেছে, ২০১৪ সালে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির পাকিস্তানে ঐতিহাসিক সফরের মধ্য দিয়ে যা শুরু হয়েছিল। উচ্চপর্যায়ের বৈঠকগুলোতে পাকিস্তানের বেসামরিক নেতৃত্ব এটা শনাক্ত করেছে যে সমস্যাটা ঘরের মধ্যেই। কিন্তু এ ব্যাপারে কী করা হবে, সেটাই এখন প্রশ্ন।
যা হোক, পাকিস্তানে এই সামরিক-বেসামরিক বিভেদ কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় ভারত ও পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি হামলার পর হয়েছে, তা নয়। ২০০৮ সালে পাকিস্তানে সাধারণ নির্বাচনের পর এই বিভেদ দেখা দেয়। ওই নির্বাচনে বেসামরিক সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়। পাকিস্তান পিপলস পার্টির নেতৃত্বাধীন জোট সরকার সংবিধানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্কার আনে এবং রাষ্ট্রের নীতিনির্ধারণে পার্লামেন্টের ভূমিকা বাড়িয়ে দেয়। কিন্তু সেনাবাহিনীর তীব্র বিরোধিতার মুখে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি রাষ্ট্রীয় নীতির ওপর বেসামরিক নিয়ন্ত্রণ কাটছাঁট করতে বাধ্য হন।
এরপর পাকিস্তানের সামরিক-বেসামরিক বিভেদ নতুন মাত্রা পায়, যখন ২০১৩ সালের নির্বাচনে নওয়াজ শরিফের নেতৃত্বাধীন দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। রাজনৈতিক এই দলের মূল ঘাঁটি হচ্ছে পাঞ্জাব প্রদেশে, যা কিনা শুধু জনসংখ্যার ভিত্তিতেই বিশাল প্রদেশ নয়, সেখানকার সামরিক ও বেসামরিক আমলাদের এবং অভিজাত ব্যবসায়ীদেরও আধিপত্য রয়েছে। ক্ষমতায় এসে নওয়াজ শরিফ বেসামরিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য সেনাবাহিনীর মতের বিরুদ্ধে গিয়েছেন, যা অন্য কোনো নেতা পারেননি। তৃতীয়বারের মতো নির্বাচিত এই প্রধানমন্ত্রীর প্রভুত্ব বিস্তারকারী সেনাবাহিনীর মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা রয়েছে, যে সেনাবাহিনী কিনা বেসামরিক সরকারের ঘাড়ে নিশ্বাস ফেলছে। তিনিই পাকিস্তানের একমাত্র প্রধানমন্ত্রী, যিনি এ পর্যন্ত তিনজন সেনাপ্রধানকে নিয়োগ করেছেন এবং খুব অল্প সময়ের মধ্যেই চতুর্থ জনকে নিয়োগ করতে যাচ্ছেন। পাকিস্তানের মতো দেশে এটি একটি রেকর্ড বটে, যেখানে কিনা হয় সেনাবাহিনী সরাসরি দেশ শাসন করে, নয়তো পেছনে থেকে দেশ চালায়।
তবে এবারের পরিস্থিতি অন্য যেকোনো সময়ের তুলনায় জটিল। বিপুল ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ দেশের অর্থনৈতিক উন্নয়নের দিকে মনোযোগ দেন, যা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আবশ্যিক। নওয়াজ শরিফ এ ব্যাপারে খুবই আন্তরিক এবং এ লক্ষ্য পূরণের জন্য সাহসী পদক্ষেপ নিতে দ্বিধা করছেন না। তবে ভারতের বিজেপি সরকার পাকিস্তানের রাজনৈতিক গতিধারা বুঝতে ব্যর্থ হয়েছে এবং নওয়াজ শরিফের সাহসী পদক্ষেপগুলোতে তাল মেলায়নি। ভারত কাশ্মীরের বর্তমান পরিস্থিতির রাজনৈতিক সমাধানের গোঁ ধরায় তা স্পষ্টভাবে পাকিস্তানের ক্ষমতাসীন বলয়ের বাজপাখিদের হাতকে শক্তিশালী করছে।
পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য নেশন–এর অনলাইন সংস্করণ থেকে নেওয়া।
অনুবাদ: রোকেয়া রহমান। সূত্র: দ্য নেশন
আফ্রাসিয়াব খাটাক: পাকিস্তানের বামপন্থী রাজনীতিক।