ঠাকুরগাঁও জেলার সদর উপজেলাধীন মহেশপুর একটি জনবহুল ও বর্ধিষ্ণু গ্রাম। এ গ্রামে প্রায় আট হাজার লোক বাস করে। এখানে একাধিক হাইস্কুল, বাজার, মাদ্রাসা, ব্যাংকসহ অনেকগুলো প্রতিষ্ঠান আছে। এ গ্রামে প্রায় ৮৫ শতাংশ মানুষ শিক্ষিত। শিক্ষা-দীক্ষায় অন্যান্য অঞ্চলের তুলনায় এলাকাটি বেশ অগ্রসর। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এখানে কোনো পাঠাগার নেই। ফলে জ্ঞানপিপাসু ও শিক্ষার্থীদের বহুদূরে জেলা শহরে গিয়ে বই বা পত্রপত্রিকা সংগ্রহ করতে হয়। অথচ এই গ্রামে একটা পাঠাগার বা লাইব্রেরি থাকলে সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্রছাত্রী, শিক্ষক, চাকরিজীবী সবাই অবসরে জ্ঞান অর্জনের সুযোগ পেত। উঠতি বয়সী তরুণেরা বইপত্র, পত্রিকা পড়ে যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার সুযোগ পেত। এ ব্যাপারে নানা সময়ে বিভিন্ন মহল থেকে উদ্যোগ গ্রহণ করলেও আজ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।
স্থানীয় বিদ্যোৎসাহীদের সম্পৃক্ত করে একটি পাঠাগার স্থাপনের জন্য আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আশা করি, ওই এলাকায় একটি পাঠাগার স্থাপন করে আলোকিত সমাজ গঠন ও বিদ্যানুরাগীদের জ্ঞানপিপাসা মেটাতে এগিয়ে আসবেন।
মো. সাব্বী কায়সার
শিবগঞ্জ, ঠাকুরগাঁও।