প্রথম আলোর ০৩-০১-২০১৪ তারিখ শুক্রবারের বিশেষ সাময়িকী ‘অন্য আলো’য় প্রকাশিত এ সপ্তাহের নায়ক, জাতি গড়ার কারিগর আনিসুল হকের নেশা আর নষ্ট রাজনীতির দিকে ঝুঁকে পড়া ছেলেদের জ্ঞানের আশ্রমে ফিরিয়ে আনার মহতী বাসনা ও উদ্দেশ্যকে বিনম্র শ্রদ্ধা জানাই। আমরাও কয়েকজন সমমনা বন্ধু মিলে মনুষ্যত্বের আহ্বানে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে গড়ে তুলেছি আমাদের প্রাণের সংগঠন ‘সমাজ’ নামের সম্পূর্ণ সেবামূলক একটি প্রতিষ্ঠান। সহায়তা মানুষের জন্য এবং সচেতনতা মানুষের জন্য—স্লোগান আত্মস্থ করে সম্মুখপানে যাঁর পথচলা। সুস্থ বিনোদনের কোনো ব্যবস্থা না থাকায় আমাদের গ্রামের অধিকাংশ মানুষ বাজারের চায়ের দোকানগুলোতে জুয়া খেলায় এবং সহজে হাতের কাছে পাওয়া সস্তা গাঁজার নেশার জালে জড়িয়ে পড়ছে। উঠতি বয়সের ছেলেদের একটি বড় অংশও এদের ভিড়ে শরিক হচ্ছে।
অথচ প্রশাসনের নাকের ডগার ওপর দিয়ে দিনের পর দিন এই অবস্থা চলে এলে এবং স্থানীয় প্রশাসন কোনো অজ্ঞাত কারণে যে নীরব দর্শকের ভূমিকা পালন করছে, তা আমাদের কাছে বোধগম্য নয়। সমাজের চিন্তাশীল মানুষ হিসেবে এ বিষয়গুলো আমাদের যারপরনাই শঙ্কিত করে তুলেছে। তাই আনিসুল হকের মতো আমরাও চাই এসব মানুষকে জুয়া, নেশা ও নষ্ট রাজনীতির মোহ থেকে ফিরিয়ে জ্ঞানের আশ্রম ‘পাঠাগারে’ এনে বইমুখী করে তাদের সুস্থ বিনোদনের স্বাদ দিতে। এ ছাড়া, হতদরিদ্রদের জন্য শীতবস্ত্র, সবার জন্য রক্তের গ্রুপ নির্ণয়, বিনা মূল্যে চক্ষুশিবির, প্রতিবন্ধীদের জন্য স্কুল, ছাত্রছাত্রীদের জন্য বিতর্ক ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতার আয়োজন—পর্যায়ক্রমে এ কাজগুলো আমরা চালিয়ে যেতে চাই। কিন্তু আমাদের পক্ষে এই মহাকর্মযজ্ঞ সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। তাই এ ব্যাপারে উৎসাহী সবার প্রতি পরামর্শসহ যেকোনো ধরনের সহযোগিতার জন্য অনুরোধ জানাচ্ছি।
স্বপ্নচাষী মিত্র
নড়াইল সদর, নড়াইল।