ইউনিসেফ ও ডব্লিউএইচওর দেওয়া তথ্যমতে বাংলাদেশে দুই কোটি ৬০ লাখ মানুষ নিরাপদ পানি পানের সুবিধা থেকে বঞ্চিত। তথ্যটিতে আরও বলা হয় যে, পয়োনিষ্কাশন ও স্বাস্থ্যসেবার অভাবে বিশ্বে প্রতিদিন পাঁচ বছরের কম বয়সী এক হাজার ৪০০ শিশু মারা যায়।
প্রতিবছর মার্চ-এপ্রিল মাসে তীব্র পানিসংকট দেখা দেয়, বিশেষ করে ঢাকা ও উত্তরাঞ্চলসহ সারা দেশে। এ সময় মানুষকে অনেক কষ্ট করে খাওয়ার পানি সংগ্রহ করতে হয়, ঢাকার কোনো কোনো এলাকার বাসিন্দাদের খাওয়ার পানি কিনেও খেতে হয়। তা ছাড়া, ওয়াসার পানিতেও এ সময় ময়লা-দুর্গন্ধ আসে। সে পানি পান করে অনেকেই কলেরা-আমাশয়সহ নানা পেটের পীড়ায় আক্রান্ত হয়। অথচ ওয়াসা কর্তৃপক্ষ ও জনগণ একটু সচেতন হলেই এই তীব্র পানিসংকট থেকে আমরা কিছুটা রেহাই পেতে পারি।
ঢাকা ওয়াসার সূত্রমতে, ওয়াসার দৈনিক পানির অপচয় হয় ৫৭ কোটি লিটার। একশ্রেণীর অসাধু কর্মকর্তা-কর্মচারী যেমন এর জন্য দায়ী, তেমনি দায়ী কিছু গ্রাহকও। প্রতিদিন আমরা গোসল-রান্না-কাপড় ধোয়া বাবদ যে পরিমাণ পানি খরচ করি, তা সত্যিই বিপুল অপচয়।
সবাই যদি পানি ব্যবহারে আরও একটু মিতব্যয়ী হই, তবে পানির অপচয় রোধ করা সম্ভব। তা ছাড়া, অবৈধ পানি-সংযোগ, টানা মোটরে অবিরাম পানি টানা, কারিগরি ত্রুটি ইত্যাদি রোধ করা গেলেও পানির অপচয় কমবে।
ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীলতা কমিয়ে বর্ষাকালে বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমেও কিছুটা পানির সংকট কমানো যায়। তাই আসুন, নিজে পরিমিত পানি ব্যবহারের মাধ্যমে অন্যকে পানি পাওয়ার সুযোগ করে দিই—পানিসংকট রোধ করি।
সাবিনা পারভীন
গোড়ান, ঢাকা।