পাবনায় খুনের মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেবল একটি জেলায় পাঁচ মাসে ৩২ জন কিংবা দেড় বছরে ১২১ জন মানুষের খুন হওয়ার ঘটনা মোটেই স্বাভাবিক বলা যায় না৷ পাবনায় প্রথম আলোর সরেজমিন প্রতিবেদনে এই অস্বাভাবিক তথ্যই বেরিয়ে এসেছে৷ নারায়ণগঞ্জ, ফেনী ও লক্ষ্মীপুরে উপর্যুপরি হত্যাকাণ্ডের পর পাবনার এই চিত্র কিসের ইঙ্গিত দেয়? সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি যতই স্বাভাবিক বলে দাবি করুক না কেন, কেবল পাবনা নয়, সারা দেশেই জনজীবন হয়ে পড়েছে প্রায় নিরাপত্তাহীন৷ গত বছরের খুনখারাবি ও রাজনৈতিক সংঘাতের দায় বিরোধী দলের ওপর চাপানো গেলেও গত ৫ জানুয়ারির পর সেটি আর ধোপে টেকে না৷
১০ মে জেলার আতাইকুলা উপজেলায় স্থানীয় বিএনপির নেতা ইব্রাহিম মৃধা নিহত হওয়ার পর ৩১ মে পুষ্পপাড়া হাটে দিনদুপুরে ঝটিকা হামলা চালিয়ে চারজনকে খুন করা হয়৷ খুনের ধরন দেখে স্থানীয় বাসিন্দাদের ধারণা, এটি চরমপন্থীদের কাজ৷ এই ঘটনায় আওয়ামী লীগের স্থানীয় নেতা সুলতান আহমেদ সিকদারসহ দুই ব্যক্তি রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট থাকলেও অন্য দুজন দরিদ্র শ্রমজীবী মানুষ৷
একদা চরমপন্থীদের ঘাঁটি বলে পরিচিত পাবনায় ফের যে তারা মাথাচাড়া দিয়ে উঠেছে, সাম্প্রতিক ঘটনাবলিই তার প্রমাণ৷ আরও উদ্বেগের বিষয় হলো, আগে নানা বাহিনীর নামে প্রকাশ্যে চরমপন্থীরা তৎপরতা চালালেও এখন বিভিন্ন দলে ঢুকে খুনখারাবি চালাচ্ছে৷ পুষ্পপাড়ার হত্যাকাণ্ডের জন্য ক্ষমতাসীনেরা বিএনপি ও জামায়াতে ইসলামীকে দায়ী করেছে৷ অন্যদিকে, বিএনপির দাবি, হাটের নিয়ন্ত্রণ নিয়ে দুই চরমপন্থী দলের মধ্যে বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে৷ একসময় আতাইকুলা উপজেলায় বিএনপি-জামায়াতের আধিপত্য ছিল৷ কিন্তু গত নির্বাচনের পর স্থানীয় বিএনপির কয়েকজন নেতার আওয়ামী লীগে যোগ দেওয়ায় সেই আধিপত্য অনেকখানি খর্ব হয়৷ আর যাঁরা যোগ দিয়েছেন, তাঁরা একসময়ে চরমপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন৷ এলাকার আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে চরমপন্থীদের দলে টানা বা ব্যবহার করার পরিণতি যে ভয়ংকর হতে পারে, নিকট অতীতে তার অজস্র উদাহরণ থাকলেও রাজনৈতিক নেতৃত্ব মোটেই আমলে নিচ্ছে না৷
এখানে স্মরণ করা যেতে পারে যে বিএনপি-জামায়াতের শাসনামলে উত্তরাঞ্চলে চরমপন্থীদের হাতে একজন প্রতিমন্ত্রীর ভাতিজা খুন হওয়ার ঘটনায় সরকারি দলের মদদেই জেএমবি তথা বাংলা ভাইয়ের উত্থান হয়েছিল৷ এবার কে কোন পক্ষকে ব্যবহার করছে, সেটি খুঁজে বের করতে হবে নিরপেক্ষভাবেই৷ এ ক্ষেত্রে পক্ষপাত দেখালে পরিস্থিতিরই কেবল অবনিত হবে না, অপরাধীরাও পার পেয়ে যাবে৷ এসব ঘটনা বিরোধী দলের ক্ষমতা পুনরুদ্ধারের অপপ্রয়াস, না সরকারি দলের একচ্ছত্র দৌরাত্ম্যের ফল, সেটিও খুঁজে বের করা জরুরি৷
ধারণা করা হয়েছিল, শেখ হাসিনার আমলে চরমপন্থীদের আস্তানাগুলো উপড়ে ফেলা গেছে, এত দিন সরকারের তরফ থেকে সে ধরনের দাবিই করে অাসা হচ্ছিল৷ কিন্তু পাবনার ঘটনা বিপরীত বার্তাই দিচ্ছে৷ অতএব, যা করার এখনই করুন৷