পারিবারিক নির্যাতনের মাত্রা দিন দিন বিভীষিকাময় ও ভয়াবহ হচ্ছে। প্রতিনিয়ত বিভিন্ন বয়সের নারী এর শিকার হচ্ছেন। অনেকেই এটা নীরবে সহ্য করে যাচ্ছেন। কিন্তু এর ক্ষতিকর প্রভাব আমাদের এই প্রিয় দেশ আক্রান্ত হচ্ছে। এর প্রত্যক্ষ প্রভাব পরিবারে, শিশু ও অন্য ছেলেমেয়েদের ওপর পড়ছে। যেসব পরিবারের সন্তানেরা এ রকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মধ্যে বড় হয়, তারা শারীরিক ও মানসিক দিক দিয়ে বিপর্যস্ত হয়ে থাকে। তাদের মধ্যে নেতিবাচক মানসিকতা গড়ে ওঠে। কোনো কোনো ক্ষেত্রে এই সন্তানেরা তাদের মায়ের সঙ্গে খারাপ আচরণ করে এবং শরীরে আঘাত করে। কারণ, তারা এটা পরিবার থেকে শিখেছে এবং এটা অবশ্যই অনাকাঙ্ক্ষিত ও সভ্যতাবিবর্জিত। ভবিষ্যতে এসব সন্তান তাদের নিজেদের পরিবারের মধ্যেও অশান্তি এবং এই প্রকার আচরণ করবে। কিন্তু যদি পরিবারের স্বামী-স্ত্রীর মধ্যে মমত্ববোধ ও শ্রদ্ধাবোধ থাকত, তাহলে এসব পরিবারের সন্তানদের মধ্যেও ভালো আচরণ গড়ে উঠত। তারা পরিবার ও সমাজের সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করত, যেটা একটা ভালো ও উন্নত রাষ্ট্রের জন্য সহায়ক হিসেবে কাজ করত। যেসব নারী তাঁদের স্বামী কর্তৃক শারীরিক ও মানসিক নির্যাতিত হন, তখন তাঁরা নিজেকে হেয় মনে করেন। সমাজে তাঁরা সম্মান নিয়ে থাকতে পারেন না। তাঁদের মধ্যে তখন বিষণ্ণতা তৈরি হয়। যেটা একপর্যায় তাঁদের মানসিকভাবে অসুস্থ করে ফেলে। পারিবারিক নির্যাতনের কবল থেকে নারীদের রেহাই দেওয়ার জন্য অবশ্যই আমাদের সবার দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। কারণ, নারীদের আছে অনন্য প্রতিভা। যেটার স্বাক্ষর এ দেশের বহু নারী রেখেছেন এবং এখনো রাখছেন। অতএব পারিবারিক নির্যাতনের মতো সভ্যতাবিবর্জিত কাজ থেকে সবাইকে সরে আসতে হবে। আমাদের দেশকে সুখ ও সমৃদ্ধিতে ভরিয়ে দিতে হলে অবশ্যই পরিবারের শান্তিকে প্রাধান্য দিতে হবে।
মো. আরিফুর রহমান
সাধারণ বীমা করপোরেশন, ঢাকা।