পার্বত্য চুক্তি বাস্তবায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতিসম্প্রতি নীতিনির্ধারকদের কেউ কেউ যখন সরকারের এই মেয়াদেই পার্বত্য চুক্তি বাস্তবায়ন হবে বলে উচ্চকণ্ঠ, তখন সন্দেহ আরও ঘনীভূত হয়। পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির আহ্বায়ক গৌতম দেওয়ান যথার্থই বলেছেন, প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার প্রতিশ্রুতির সঙ্গে বাস্তবতার মিল সামান্যই। চারদলীয় জোট সরকারের পাঁচ বছর এবং তত্ত্বাবধায়ক সরকারের দুই বছর বাদ দিলেও আওয়ামী লীগ এই চুক্তি বাস্তবায়নের জন্য প্রায় আট বছর সময় পেয়েছে। এই সময়ে পাহাড়ি জনগোষ্ঠীর মূল সমস্যা ভূমি বিরোধ নিষ্পত্তি না হওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক। এ জন্য পার্বত্য ভূমি কমিশনের সাবেক চেয়ারম্যানের একগুঁয়েমির সঙ্গে যুক্ত ছিল দায়িত্বপ্রাপ্তদের অনীহা ও অবহেলা। জনসংহতি সমিতির নেতা জোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা যে অভিযোগ করেছেন, সরকারের নীতিনির্ধারকদের একাংশ এবং সামরিক ও বেসামরিক আমলাদের অসহযোগিতা, অনাগ্রহের কারণেই চুক্তিটি থমকে আছে; তা অগ্রাহ্য করার উপায় নেই।

সরকার এমন এক ব্যক্তিকে প্রধান করে পার্বত্য চুক্তি বাস্তবায়ন কমিটি করেছে, যাঁর প্রতি পাহাড়িদের ন্যূনতম আস্থা নেই। তদুপরি সেই কমিটির সুপারিশও ভূমি মন্ত্রণালয়ে আটকে আছে। গত বছরের ২৯ জুলাই আন্তমন্ত্রণালয় সভায় পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন, ২০০১-এর ১৩টি সংশোধনী চূড়ান্ত হওয়ার সময়ে ধারণা করা গিয়েছিল, মেঘ কেটে যাচ্ছে। কিন্তু প্রায় এক বছর পর দেখা যাচ্ছে সেই মেঘ আরও ঘনীভূত হয়েছে। সংশোধনী আইন হিসেবে পাস হওয়া দূরে থাক, সভার কার্যবিবরণীও চূড়ান্ত করা হয়নি। এর পাশাপাশি ভূমি কমিশনের চেয়ারম্যান পদটি প্রায় এক বছর ধরে শূন্য থাকা সরকারের দায়িত্বহীনতারই প্রমাণ।

পার্বত্য চট্টগ্রাম চুক্তি অবাস্তবায়িত রেখেই আগের বার আওয়ামী লীগ ক্ষমতা থেকে বিদায় নিয়েছিল। এবারও মেয়াদের সাড়ে চার বছরে তেমন অগ্রগতি নেই। এ অবস্থায় বাকি ছয় মাসে চুক্তি বাস্তবায়নের প্রতিশ্রুতি অধিকারবঞ্চিত পাহাড়ি জনগোষ্ঠীর সঙ্গে পরিহাস ছাড়া কিছু নয়। পাহাড়ে এখন যে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা রয়েছে, তার মূলে রয়েছে চুক্তি বাস্তবায়ন না হওয়া। সরকারের নীতিনির্ধারকেরা যদি মনে করে থাকেন চুক্তিটি ঝুলিয়ে রেখে পাহাড়ি জনগণের আস্থা ধরে রাখতে পারবেন, তাহলে তাঁরা বোকার স্বর্গে বাস করছেন।

পাহাড়ে শান্তি ও স্থিতি আনতে হলে অবশ্যই চুক্তি বাস্তবায়ন তথা ভূমি বিরোধ নিষ্পত্তির কাজটি দ্রুতই শেষ করতে হবে। ১৫ বছর ধরে পাহাড়ি জনগণ ধৈর্য ধরে আছে। কিন্তু সেই ধৈর্যের বাঁধ একবার ভেঙে গেলে তখন আহাজারি করলেও কোনো কাজে আসবে না।