জামায়াত-শিবিরের নৃশংস বর্বরতায় নীলফামারীজুড়ে চলছে শোকের মাতম। আওয়ামী লীগের কর্মী খোরশেদ, ফরহাদ, মুরাদ, লেবু, সাধারণ পথচারী আবুবকর সিদ্দিক—এতগুলো তাজা প্রাণ ঝরে গেছে জামায়াত-শিবিরের পাশবিক হামলায়। মৃত্যুযন্ত্রণায় আহত অনেকেই এখন কাতরাচ্ছেন রংপুর মেডিকেল কলেজ ও নীলফামারী সদর হাসপাতালে। চিরতরে পঙ্গুত্ববরণ করে অনেকেই আজ শয্যাশায়ী।
পলাশবাড়ী ও লক্ষ্মীচাপের হিন্দুসম্প্রদায় এবং আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর রাতের অন্ধকারে যেভাবে নারকীয় হামলা, বাড়িঘরে লুটপাটসহ পুড়িয়ে দেওয়া হয়েছে, তা শুনলে যেকোনো বিবেকবান মানুষেরই গা শিউরে উঠবে। চায়নিজ কুড়াল, ধারালো তরবারি দিয়ে রক্তাক্ত করেছে আমাদের রাজনৈতিক সহকর্মী ও সমর্থকদের। সম্ভ্রম রক্ষার জন্য নারীরা বিনিদ্র রাত কাটিয়েছেন উত্তরবঙ্গের তীব্র শীতে বনে-জঙ্গলে লুকিয়ে থেকে। পুরুষেরা প্রাণভয়ে পালিয়ে ছিলেন নিজের ভিটামাটি ছেড়ে। এই বর্বরতা যেন একাত্তরকেই মনে করিয়ে দেয়।
জীবন থেমে থাকে না। ভগ্ন-ধ্বংসস্তূপের মধ্যেই মানুষ আবার ঘুরে দাঁড়ায়। নীলফামারীর মানুষও এখন ঘুরে দাঁড়াতে চায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, যাঁরা নিহত হয়েছেন, তাঁদের স্ত্রী-পুত্র-কন্যার জীবন চলবে কীভাবে? বৃদ্ধ মাতা কীভাবে বাঁচবেন? যাঁদের বাড়িঘর পুড়ে গেছে, কীভাবে হবে তাঁদের মাথাগোঁজার ঠাঁই? বেঁচে থাকার জন্য রুটি-রুজির সংস্থান কীভাবে হবে? আহত ব্যক্তিদের দীর্ঘমেয়াদি চিকিৎসা কীভাবে নিশ্চিত হবে?
এ রকম একটি রূঢ় বাস্তবতার মধ্যে এসব প্রশ্নের উত্তর আমাদের খুঁজে পেতে হবে। তাই আমরা খুলেছি একটি সহায়তা তহবিল ‘জাগ্রত নীলফামারী’।
নীলফামারীর শান্তিপ্রিয় মানুষ শান্তিতে থাকতে চায়, এই জামায়াত-শিবিরের বর্বরতাকে প্রতিহত করতে চায়। আজ আবার জেগে উঠেছে, ঘুরে দাঁড়িয়েছে নীলফামারী। আমাদের আবেদন, এই মানুষগুলোর পাশে দাঁড়ান, বাড়িয়ে দিন সাহায্যের হাত।
জাগ্রত নীলফামারী
অ্যাকাউন্ট নম্বর: ০১৭৩১২১০০০৪১৯০৭
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড নীলফামারী শাখা।
আসাদুজ্জামান নূর: সাংসদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
[email protected]