দেশের নানা ঘটনারই তদন্ত হয়, তদন্ত প্রতিবেদনও প্রকাশিত হয়। কিন্তু সেই প্রতিবেদনে যা পাওয়া যায় বা যেসব সুপারিশ আসে, সেগুলো কতটুকু বিবেচনায় নেওয়া হয় বা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়, সেটা সত্যিই বড় প্রশ্ন। খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তাইন্দংয়ের ঘটনায় সরকার যে তদন্ত কমিটি করেছিল, তারা প্রতিবেদন দিয়েছে। এই প্রতিবেদনে ঘটনার সঙ্গে জড়িত হিসেবে যাদের চিহ্নিত করা হয়েছে, যাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে, তা কার্যকর হবে তো?
তদন্ত কমিটির প্রতিবেদনে এটা স্পষ্ট হয়েছে যে উদ্দেশ্যমূলকভাবে বাঙালি অপহরণ নাটক সাজিয়ে পাহাড়ি জনগোষ্ঠীর ওপর হামলা ঘটানো হয়েছে। গত ৩ আগস্ট তাইন্দং ইউনিয়নে পাহাড়ি জনগোষ্ঠীর ওপর হামলার ঘটনায় ৩৭৩টি আদিবাসী পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, কিছু বাঙালি দুর্বৃত্ত ষড়যন্ত্র করে পাহাড়িদের বিরুদ্ধে বাঙালিদের খেপিয়ে তুলে এ ঘটনা ঘটিয়েছে। হামলার ভয়াবহতা এমন ছিল যে কিছু পাহাড়ি সীমান্ত অতিক্রম করে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন। এ ঘটনা দেশের ভাবমূর্তির ক্ষতি করেছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও পরিস্থিতি সামাল দিতে যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তদন্ত প্রতিবেদনের সুপারিশ ধরে এই জঘন্য ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এটাই প্রত্যাশিত। কিন্তু অভিজ্ঞতা আমাদের তেমন আশাবাদী করতে পারছে না। বান্দরবানের বাদুরঝিরি-চাকপাড়া থেকে পাহাড়িদের উচ্ছেদের ষড়যন্ত্রের ঘটনা নিয়েও সরকার তদন্ত কমিটি করেছিল এবং সেই কমিটি যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিল, তা কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়নি। সে ঘটনার সঙ্গে জড়িত ১৪ জনকে গ্রেপ্তারের কথা বলা হলেও এখনো কেউ গ্রেপ্তার হয়নি। তাইন্দংয়ের ক্ষেত্রে আমরা একই ঘটনার পুনরাবৃত্তি দেখতে চাই না। আমরা আশা করব, তদন্ত প্রতিবেদন বিবেচনায় নিয়ে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে মানবাধিকার কমিশনের বিশেষ উদ্যোগ প্রত্যাশা করছি।