সিটি করপোরেশন একটি স্থানীয় সরকার প্রতিষ্ঠান। এ ধরনের কোনো প্রতিষ্ঠান যদি দেশের আইন না মানে, তবে নাগরিকদের ওপর তাদের আইন কার্যকর করার নৈতিক অধিকার থাকার কথা নয়। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের বাংলো তৈরি হচ্ছে পাহাড়ের ওপর, কিন্তু এ জন্য পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বাধ্যতামূলক হলেও তা করা হয়নি। চট্টগ্রাম সিটি করপোরেশনের ওপর কি আইন প্রযোজ্য নয়?
দেশের কোনো নাগরিক যদি ব্যবসা করতে চান, তবে ট্রেড লাইসেন্স নিতে হয়। বিভিন্ন সিটি করপোরেশন থেকে এসব ট্রেড লাইসেন্স দেওয়া হয়। চট্টগ্রাম সিটি করপোরেশনের অধীন এলাকায় ট্রেড লাইসেন্স ছাড়া কারও ব্যবসা করার বিষয়টি কি সিটি করপোরেশন মেনে নেবে? নিশ্চয়ই নয়। যে প্রতিষ্ঠান নাগরিকের ওপর আইন কার্যকর করার অধিকার রাখে, সেই প্রতিষ্ঠান নিজে আইন ভঙ্গ করে কীভাবে! পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া মেয়রের ভবন নির্মাণ করতে গিয়ে তবে কী দৃষ্টান্ত স্থাপন করল চট্টগ্রাম সিটি করপোরেশন!
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া বাংলো নির্মাণের ব্যাপারে মেয়র যে যুক্তি দিয়েছেন, তা গ্রহণযোগ্য নয়। তিনি বলেছেন, আগে এখানে অন্য বাংলো ছিল এবং তা অনুমতি নিয়ে করা হয়নি। অতীতে যদি আইনের ব্যত্যয় হয়ে থাকে, তবে সেটা কি চলতেই থাকবে? চট্টগ্রাম সিটি করপোরেশনের সামনে বরং সুযোগ ছিল অতীতের ভুল সংশোধনের এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ভবন নির্মাণের কাজ করা।
চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক বলেছেন, পাহাড়ের ওপর বাংলো নির্মাণ করতে হলে অবশ্যই পরিবেশ অধিদপ্তর ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। এ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভূমি ব্যবহারের জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অনুমতি নেওয়া হলেও পরিবেশ অধিদপ্তরের অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেনি সিটি করপোরেশন। এর মধ্য দিয়ে আইনের প্রতি সংস্থাটির অবজ্ঞা ও উপেক্ষাই প্রকাশ পেয়েছে। যে প্রতিষ্ঠান জনগণের ওপর আইন কার্যকর করে, তাদের আইনের প্রতি অবজ্ঞা প্রদর্শনের বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
আমরা মনে করি, চট্টগ্রাম সিটি করপোরেশনের উচিত এই ধরনের আচরণের জন্য দুঃখ প্রকাশ করে কাজ বন্ধ রাখা এবং পরিবেশ অধিদপ্তরের অনুমতি সাপেক্ষে আবার কাজ শুরু করা। এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করছি।