রাঙামাটি পার্বত্য জেলায় পাহাড়ি (আদিবাসী) বাঙালি (স্থায়ী বাসিন্দা) উভয় সম্প্রদায়ের লোক বাস করে। কিন্তু বর্তমানে শান্তিবাহিনীর বিভিন্ন গ্রুপের চাঁদাবাজি, অপহরণ, মুক্তিপণসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে আমরা আতঙ্কে দিন কাটাচ্ছি। সম্প্রতি রিজার্ভ বাজারের ডকইয়ার্ড এলাকা থেকে দুজন লঞ্চ শ্রমিককে শান্তিবাহিনীর লোকেরা অপহরণ করে নিয়ে গেছে। মুক্তিপণ বাবদ তারা এখন বিপুল অঙ্কের টাকা দাবি করছে। নিরুপায় হয়ে প্রশাসনকে জানানোর পরও তারা তেমন সাহায্য করছে না।
পার্বত্য এলাকায় আদিবাসীদের প্রতি সামান্য অবহেলাতেই মিডিয়া, এনজিও, প্রশাসন সরব হয়ে ওঠে। কিন্তু দিনের পর দিন বাঙালিরা সেখানে শান্তিবাহিনীর নানা গ্রুপকে চাঁদা দিতে দিতে সর্বস্বান্ত হয়ে গেলেও কেউ প্রতিবাদ করে না।
এমতাবস্থায় দুই শ্রমিককে উদ্ধার এবং শান্তিবাহিনীর নানা অত্যাচার থেকে সাধারণ মানুষকে রক্ষার ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। পরিবার-পরিজন নিয়ে ব্যবসা-বাণিজ্য করে শান্তিমতো ঘুমানোর অধিকারটুকু কি খুব বেশি চাওয়া?
আরিফ
রিজার্ভ বাজার, রাঙামাটি পার্বত্য জেলা।