‘পাহাড়ে অপহরণ’ লেখাটির জন্য লেখককে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। একটি সময়োপযোগী ও জনগুরুত্বপূর্ণ বিষয় সবার সামনে তুলে ধরার জন্য লেখককে আবারও ধন্যবাদ।
পার্বত্য চুক্তি হওয়ার পর রাঙামাটিতে আনন্দের বন্যা বয়ে গিয়েছিল। দীর্ঘকালের সশস্ত্র সংগ্রামের অবসান ঘটিয়ে অস্ত্র সমর্পণ করেছিল সন্তু লারমার নেতৃত্বাধীন শান্তিবাহিনী তথা জনসংহতি সমিতি। সবাই ভেবেছিল, এবার বুঝি পাহাড়ে শান্তি নেমে এল।
কিন্তু পার্বত্য চুক্তি সম্পাদিত হলেও এর বাস্তবায়ন যে দীর্ঘ ও জটিল প্রক্রিয়া, তা বোঝা গেল অচিরেই। এর ফলে শান্তিচুক্তিবিরোধী ইউপিডিএফ ও জনসংহতি সমিতির বিদ্রোহী গ্রুপ মাথাচাড়া দিয়ে উঠল। তারা নানাভাবে বাঙালিদের জিম্মি করে পাহাড়ে অশান্তি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যেতে থাকল। বাঙালিরা চাকরি, ব্যবসা-বাণিজ্য—সব ক্ষেত্রেই চরম বৈষম্যের শিকার। ব্যবসা-বাণিজ্য করতে গেলে নিয়মিত ইউপিডিএফ এবং শান্তিবাহিনীর বিদ্রোহী গ্রুপকে চাঁদা দিতে হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালেই গুম, অপহরণ ও মুক্তিপণ দাবি করা হয়। এভাবে দিনের পর দিন বহু লোক নিখোঁজ থাকলেও প্রশাসন থেকেছে ভাবলেশহীন।
আমরা আদিবাসীদের শত্রু নই; আমরা পাহাড়ের সাধারণ আদিবাসীদের সঙ্গে একত্রে মিলেমিশে থাকতে চাই। তাদের মধ্যে দিনের পর দিন এমন একটি ধারণা বা মাইন্ডসেট করা হয়েছে যে, এখানে শুধু তারাই বাস করবে, বাঙালিরা নয়। ফলে এখানকার বাঙালি স্থায়ী বাসিন্দারা (সেটেলার নয়) তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে প্রতিনিয়ত। বিশেষ করে ভূমিব্যবস্থাসংক্রান্ত জটিলতা ও চাকরি ক্ষেত্রে। তা ছাড়া পার্বত্য চুক্তি পুরোপুরি বাস্তবায়ন না হওয়ার কারণে চুক্তিবিরোধী সংগঠন ইউপিডিএফ আদিবাসীদের কাছে পার্বত্য চুক্তির আশঙ্কা প্রমাণ করার জন্য সর্বদা নিজেদের আধিপত্য বিস্তারে ব্যস্ত।
এই সংকটময় পরিস্থিতি থেকে রক্ষা করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। বিষয়টির আশু সমাধান করা না হলে আবার দ্বন্দ্ব-সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
মোহাম্মদ ইউনুছ
রিজার্ভ বাজার, রাঙামাটি পার্বত্য জেলা।