বর্তমানে আমাদের দেশে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যে ধরনের শিক্ষাব্যবস্থা চালু আছে, তা শিশু-কিশোরদের জন্য রীতিমতো ভীতিকর। উপরন্তু মড়ার ওপর খাঁড়ার ঘার মতো যোগ হয়েছে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে দুটি পাবলিক পরীক্ষা—পঞ্চম শ্রেণীতে পিএসসি এবং অষ্টম শ্রেণীতে জেএসসি।
এই দুটি পাবলিক পরীক্ষা শিক্ষার মান উন্নয়নে কোনো ভূমিকা না রাখলেও শিক্ষা নিয়ে বাণিজ্য করার ক্ষেত্র প্রসারিত হয়েছে বহুলাংশে। পিএসসি ও জেএসসি পরীক্ষার অছিলায় শহরের নামীদামি স্কুলগুলোর শিক্ষকেরা এবং কোচিং ব্যবসায়ীরা রীতিমতো প্রতিযোগিতা শুরু করে দিয়েছেন। এই প্রতিযোগিতায় পিছিয়ে নেই একশ্রেণীর অতি উৎসাহী অভিভাবকেরাও। নকল ও মুখস্থকে প্রতিরোধে সরকার সৃজনশীল পদ্ধতি চালু করলেও এই পদ্ধতিতে পড়তে গিয়ে শিশুরা আরও বেশি গাইড-নির্ভর হয়ে পড়ছে।
পিএসসি এবং জেএসসি পরীক্ষায় যে বয়সী শিশু-কিশোরেরা অংশ নেয়, তাদের গড় বয়সসীমা ১০ থেকে ১৫ বছর। কোমলমতি এসব শিশু-কিশোর স্কুল-কোচিং-পরীক্ষা মডেল টেস্টের ঘূর্ণিবার্তায় ঘুরতে ঘুরতে ক্লান্ত, অবসন্ন, পরিশ্রান্ত, হতাশ। ছুটির দিনগুলোতেও তারা একটু অবসর পায় না। এই বয়সী শিশুদের দুটি পাবলিক পরীক্ষায় অংশ নিতে গিয়ে যে পরিমাণ শারীরিক ও মানসিক চাপ পড়ছে, তাতে তারা হারিয়ে ফেলছে তাদের স্বাভাবিক শৈশব ও কৈশোরের উচ্ছলতা; ছন্দপতন হচ্ছে তাদের স্বাভাবিক জীবনযাপন এবং মানসিক বিকাশে।
ফলে ক্রমেই তারা হয়ে উঠছে মেজাজি, অবাধ্য এবং স্বাভাবিক আচরণ-বিবর্জিত। অনেক শিশুই অহেতুক পরীক্ষাভীতির কারণে নানা মনোবৈকল্যের শিকারও হচ্ছে। অন্যদিকে গ্রামের শিশুরা নানা সুযোগ-সুবিধার অভাবে শিক্ষাবৈষম্যের শিকার হচ্ছে। পিছিয়ে পড়ছে অনেক ক্ষেত্রেই।
এই অপ্রত্যাশিত মানসিক চাপ ও অস্বাভাবিক অবস্থা থেকে শিশু-কিশোরদের বাঁচানোর জন্য মাননীয় শিক্ষামন্ত্রীর প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।
শিক্ষাই জাতির মেরুদণ্ড। সেই শিক্ষাকে সহজ, সাবলীল ও শিশুবান্ধব করতে শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং পরবর্তীকালে বাস্তব কাজের সঙ্গে সংশ্লিষ্ট শিশু নিয়ে আরও বেশি গবেষণা করার সময় এখনই। তা না হলে শুধু জিপিএ-৫-এর দৌড়ে দৌড়াতে গিয়ে দেশের মূল শিক্ষাব্যবস্থা বিরাট হোঁচট খাবে—শিক্ষার্থীরা শিখবে না তেমন কিছুই। অন্তঃসারশূন্য এই শিক্ষার কোনো মূল্যই থাকবে না।
সাবিনা পারভীন, গোড়ান, ঢাকা।