উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই শিশুরা পিএসসি পরীক্ষা দিয়েছে। শুনেছি, এরই মধ্যে উত্তরপত্র পরীক্ষণের কাজটিও এগিয়ে চলেছে। এ-ও জানতে পারলাম, মূল্যায়নের সুবিধার জন্য প্রতিটি বিষয়ের উত্তরপত্র প্রস্তুত করে পরীক্ষকদের সরবরাহ করা হয়েছে। বাংলা ও ইংরেজি বিষয়ের প্রস্তুতকৃত উত্তরপত্র দেখার সুযোগ ঘটেছিল। বাংলা পরীক্ষার প্রশ্নে একটি কবিতার কয়েকটি চরণ উল্টোপাল্টা করে দেওয়া ছিল। পরীক্ষার্থীদের সেই চরণগুলো সাজিয়ে লিখতে হবে। শিক্ষকদের কাছে সরবরাহকৃত উত্তরপত্রে লেখা আছে—এই প্রশ্নের উত্তরে বানান ভুল হলে নম্বর কাটা যাবে না।
এখন আসি ইংরেজি পরীক্ষার সরবরাহকৃত উত্তরপত্রে। ইংরেজি প্রশ্নপত্রে এমন কিছু এমসিকিউ প্রশ্ন আছে, যেগুলোর একাধিক উত্তর হতে পারে। যেমন—‘He didn’t kill the lizard, sparrow, crow, frog and bee because-’
‘they help plants to grow’ হতে পারে। আবার ‘they help people’ এটাও হতে পারে। আরেকটি প্রশ্ন আছে, ‘How do we know that, the story has not ended?’ এর একটি উত্তর হতে পারে ‘The last sentence begins with the ants...’ এমন আরেকটি উত্তর হতে পারে, ‘It does not say THE END’। আরেকটি প্রশ্ন এ রকম, ‘Choose the best title for this text?’ যদিও এখানে এই প্রশ্নবোধক চিহ্নটি থাকার কথা নয়, সে কথা থাক। সাধারণভাবে চিন্তা করলে শিশুরা এর উত্তর লিখতে পারে ‘Belal and the animals’ কিন্তু কোনো কোনো শিশু তো চিন্তার আরও একটু গভীরে গিয়ে ‘Small creatures of God’ এই উত্তরটিও সঠিক বলে ভাবতে পারে। আমরা কি এই উত্তরকে ভুল বলতে পারি?
আচ্ছা, চড়ুই পাখি (Sparrow) কোথায় থাকে? গাছে? নাকি আমাদের চারপাশে? যে শিশুটি তার ঘরের বারান্দায়, জানালায়, উঠোনে অহরহ চড়ুই পাখি দেখে অভ্যস্ত, এমনকি যে শিশু তার ঘরের গবাক্ষে চড়ুই পাখির বাসা দেখেছে, সে কী করে লিখবে যে চড়ুই পাখি শুধু গাছেই (tree) থাকে? আমাদের চারপাশে (around) থাকে না?
পরিশেষে এ কথাটুকু বলতে চাই, যেখানে বাংলা উত্তরপত্রে ভুল বানান লিখলেও নম্বর না কাটার বিধান দেওয়া হয়েছে, সেটিও যেমন সঠিক হয়নি, তেমনি ইংরেজির উত্তরপত্রে সঠিক লিখেও নম্বর না পাওয়ার বিধানটিও মেনে নেওয়া যায় না। সংশ্লিষ্ট ব্যক্তিরা বিষয়টি বিবেচনা করবেন কি?
কমলকলি চৌধুরী
মৌলভীবাজার সড়ক, শ্রীমঙ্গল।