জাতীয় ইতিহাসের এক অভাবনীয় বিয়োগান্ত অধ্যায় পিলখানা হত্যাকাণ্ড। এ ঘটনায় বিচারিক আদালতের রায় ও পর্যবেক্ষণ নানা কারণে তাৎপর্যমণ্ডিত। একটি ঘটনায় এত বিপুলসংখ্যক মানুষের ফাঁসির আদেশ বিশ্বের ইতিহাসেও বিরল। তবে এটি কিন্তু প্রাথমিক দণ্ডাদেশ। প্রচলিত আইন অনুযায়ী হাইকোর্ট বিভাগ অনুমোদন না দিলে কারও ফাঁসির রায় কার্যকর করা যাবে না। দণ্ডাদেশপ্রাপ্ত এবং ভুক্তভোগীদের ‘দ্রুত বিচার’ লাভের সাংবিধানিক অধিকার পূরণ করার মুখ্য দায়িত্ব এখন উচ্চ আদালতের কাঁধেই বর্তাল।
পিলখানার ঘটনায় স্বজন হারানো ব্যক্তিদের অনেকেই রায় শুনে প্রতিক্রিয়া প্রকাশ করা থেকে বিরত থাকেন। কারণ, রায় দ্রুত কার্যকর হওয়ার ব্যাপারে তাঁরা সংশয়গ্রস্ত।
নিম্ন আদালতের বেশ কিছু পর্যবেক্ষণ জাতীয় নিরাপত্তার দিক থেকে গুরুত্বপূর্ণ। এটাও লক্ষণীয় যে, একটি কারণকে বিদ্রোহ ও হত্যাকাণ্ডের কারণ হিসেবে আদালত চিহ্নিত করেননি। এসব পর্যবেক্ষণকে আমরা যথাযথ গুরুত্বের সঙ্গেই গ্রহণ করব। আইনগত বাধ্যবাধকতা না থাকলেও সাধারণভাবে আদালতের যেকোনো পর্যবেক্ষণের একটি ‘বোধযোগ্য মূল্য’ থাকে।
পিলখানার বিদ্রোহের কারণ উদ্ঘাটন ও চিহ্নিতকরণে দেশের মানুষের বিশেষ আগ্রহ আছে। এ বিষয়ে সরকারিভাবে যে তদন্ত কমিশন গঠন করা হয়েছিল, তা জনমনের জিজ্ঞাসা পূরণ করতে পারেনি। এমনকি সেই প্রতিবেদন প্রকাশেও স্বচ্ছতার নীতি অনুসরণে ব্যর্থতার পরিচয় দেয়। তারা কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশে বিরত রয়েছে। অথচ এটা এমনই গুরুত্বপূর্ণ প্রতিবেদন, যা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা উচিত ছিল। এবং সেটা প্রকাশে আশু কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি।
আদালতের পর্যবেক্ষণে ডাল-ভাত কর্মসূচি এবং চাকরির ক্ষেত্রে বিডিআর জওয়ানদের বঞ্চনার কথা যেমন আছে, তেমনি সম্ভাব্য সামরিক ও কূটনৈতিক কারণ সম্পর্কেও ধারণা দেওয়া হয়েছে। সেনাবাহিনীর মনোবল নষ্ট করা, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়াকে বিদ্রোহ সংঘটনের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। আবার একই সঙ্গে অপারেশন ডাল-ভাত কর্মসূচি বিডিআর বিদ্রোহের বড় কারণ হিসেবেই বর্ণিত হয়েছে। সুতরাং, বিদ্রোহ ও হত্যাকাণ্ড সংঘটনে অভ্যন্তরীণ ও বহিস্থ কারণের মধ্যে কোনটি কীভাবে কতটা প্রভাবিত করেছে, আদালতের পর্যবেক্ষণে তা স্পষ্ট করা হয়নি।
এটা অস্বস্তিকর যে, রায় ঘোষণার পরপরই আইন প্রতিমন্ত্রী একটি বিদেশি গোয়েন্দা সংস্থা এবং বিএনপির একজন নেতাকে জড়িয়ে বহিস্থ কারণের দিকে ইঙ্গিত করেছেন। অন্যদিকে দৃশ্যত বিএনপির নেতা নাসির উদ্দীন আহাম্মেদ পিন্টুর যাবজ্জীবন কারাদণ্ড লাভের কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর দণ্ডাদেশকে ‘রাজনৈতিক দুরভিসন্ধিমূলক’ হিসেবে দেখতে চাইছেন। বিএনপি মূল রায় সম্পর্কে মন্তব্য না করলেও তারা আদালতের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকতে পারেনি। হিউম্যান রাইটস ওয়াচ অভিযুক্ত ব্যক্তিদের কাছ থেকে জবরদস্তি জবানবন্দি আদায়ের যে অভিযোগ তুলেছিল, সে বিষয়ে বিএনপির নির্দিষ্ট বক্তব্য নেই।
আমরা মনে করি, জাতীয় নিরাপত্তার স্বার্থে বিদ্রোহের কারণ খতিয়ে দেখতে সরকারি, সংসদীয় ও বেসরকারি থিংক ট্যাংকগুলোর দায়িত্ব শেষ হয়নি। এ বিষয়ে আরও তদন্ত এবং আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার।