পুতিনের কণ্ঠে গর্বাচভের সুর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনকে ঘিরে নাটকীয় নানা ঘটনার খবরাখবর লক্ষ করতে করতে মনে পড়ছিল মিখাইল গর্বাচভের কথা: এখন তিনি কী ভাবছেন? যে সোভিয়েত ইউনিয়নকে তিনি আরও গণতন্ত্র আরও সমাজতন্ত্র দিয়ে শক্তিশালী করতে চেয়েছিলেন, তা যে শেষ পর্যন্ত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, তা তাঁর কল্পনাতেও ছিল না। সমাজতন্ত্র অকার্যকর প্রমাণিত হওয়ার পরেও রাষ্ট্র হিসেবে সোভিয়েত ইউনিয়নের অখণ্ডতা রক্ষার জন্য তিনি শেষ মুহূর্ত পর্যন্ত আপ্রাণ চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। অবশ্য তাঁর সে ব্যর্থতাকে রাশিয়া ও সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রগুলোর কোটি কোটি মানুষ, সেই সঙ্গে বাংলাদেশসহ সারা বিশ্বের বাম চিন্তাধারার মানুষও তাঁর অপরাধ বলে মনে করেন।
সে জন্য তাঁরা তাঁকে ক্ষমা করেননি। অনেকে তাঁকে সিআইএর চর বলে গালাগাল করেন। রাশিয়ার আজও কিছু মানুষ আছেন, যাঁরা সোভিয়েত ইউনিয়নের কথা ভেবে ভীষণ নস্টালজিয়ায় ভোগেন। এই নস্টালজিয়া যতটা না সমাজতন্ত্রের জন্য, তার থেকে বেশি সুবৃহৎ একটি ঐক্যবদ্ধ রাষ্ট্রের জন্য। সোভিয়েত ইউনিয়ন বিস্তৃত ছিল গোটা পৃথিবীর ছয় ভাগের এক ভাগ এলাকাজুড়ে; সেটি ছিল যেন এক স্বয়ংসম্পূর্ণ পৃথিবী।
আজ ক্রিমিয়া-ইউক্রেন নিয়ে ইউরোপের পূর্ব অংশে যে উত্তেজনা বিরাজ করছে, তাতে সেই সোভিয়েত নস্টালজিয়ারও কিছু ভাগ আছে বলে মনে হয়। অন্তত রাশিয়ার মানুষের মন ফিরে গেছে সোভিয়েত আমলে। মিখাইল গর্বাচভের ওয়েবসাইটে দেখলাম, গত শুক্রবার তিনি ইউক্রেন প্রসঙ্গে একটি পত্র করেছেন। তিনি সোভিয়েত ইউনিয়ন বিলুপ্তির সময়টির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, আজ ইউক্রেনে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তা পিরিস্ত্রোইকার ব্যর্থতা ও তড়িঘড়ি করে সোভিয়েত ইউনিয়নকে ভেঙে দেওয়ার পরিণাম। এ জন্য তিনি দায়ী করেছেন সে সময়ে রাশিয়ার প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন, বেলারুশিয়ার প্রেসিডেন্ট স্তানিস্লাভ শুশকেভিচ ও ইউক্রেনের প্রেসিডেন্ট লিওনিদ ক্রাভচুককে।
গর্বাচভ লিখেছেন, বেলারুশিয়ার বেলাভেঝা বনে ওই তিন প্রেসিডেন্ট যোগসাজশ করে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে দেওয়ার চুক্তি করেন, তার আগে ও পরে তিনি সবাইকে সতর্ক করে বলেছিলেন যে এর পরিণাম হবে ভয়াবহ। কিন্তু কেউ তাঁর কথায় কর্ণপাত করেননি। রুশ ফেডারেশনের সুপ্রিম সোভিয়েত বিপুল হাততালির মধ্য দিয়ে সেই ভাঙন অনুমোদন করেছিল, তখন ক্রিমিয়া কিংবা সেভাস্তোপল নিয়ে কেউ একটি শব্দও উচ্চারণ করেনি।
ক্রিমিয়া ২০০ বছর ধরে ছিল রাশিয়ার অবিচ্ছেদ্য অংশ। ১৯৫৪ সালে সোভিয়েত পার্টিপ্রধান নিকিতা খ্রুশ্চভ ‘বন্ধুত্বের নিদর্শনস্বরূপ’ ইউক্রেনকে ক্রিমিয়া উপহার দিয়েছিলেন। ১৯৯১ সালে প্রধানত ইয়েলৎসিনের ষড়যন্ত্রে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, তখন রাশিয়ায় কেউ ক্রিমিয়ার প্রসঙ্গ উত্থাপন করেননি। প্রায় ৯০ শতাংশ রুশ-অধ্যুষিত ওই গুরুত্বপূর্ণ অঞ্চলটি যে ইউক্রেনের অংশ হিসেবে রাশিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল, সে বিষয়টি তখন সম্ভবত কারও মাথায় খেলেনি। গত মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রেমলিনে এক দীর্ঘ বক্তৃতায় বললেন, যেদিন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, তারপর দিন ক্রিমিয়ায় বসবাসকারী রুশরা ঘুম থেকে উঠে দেখল, তারা ভিনদেশি। পুতিন অনেক আগেই মন্তব্য করেছেন, সোভিয়েত ইউনিয়নের ভাঙন ছিল বিংশ শতাব্দীর সবচেয়ে বড় ভুল। এই মন্তব্য সোভিয়েত ইউনিয়ন প্রসঙ্গে গর্বাচভের দৃষ্টিভঙ্গির সঙ্গে মিলে যায়।
কিন্তু মর্মের দিক থেকে এ দুই অবস্থানের মধ্যে ফারাক বিস্তর। গর্বাচভ ছিলেন কমিউনিস্ট, আগাপাছতলা আন্তর্জাতিকতাবাদী ও উদার গণতন্ত্রী। সোভিয়েত ইউনিয়ন অখণ্ড রাখার পক্ষে তাঁর যুক্তি ছিল সকল জাতিগোষ্ঠী মিলে একটি পরিবারের মতো জীবনযাপন অব্যাহত রাখা। বাল্টিক তীরের যে তিনটি প্রজাতন্ত্র স্বাধীন হতে চেয়েছে, গর্বাচভ তাদের বাধা দেননি। বাধা দেননি জর্জিয়াকেও। তিনি আফগানিস্তান থেকে সোভিয়েত সেনা ফিরিয়ে নিয়ে গেছেন এই যুক্তিতে যে আফগান জনগণের বৃহত্তর অংশের অনিচ্ছা সত্ত্বেও বলপ্রয়োগের মাধ্যমে তাদের ওপর সমাজতান্ত্রিক ব্যবস্থা চাপিয়ে দিতে সে দেশে সেনা পাঠানোই ভুল হয়েছিল।
গর্বাচভ সোভিয়েত ইউনিয়ন অখণ্ড রাখার চেষ্টা করেছিলেন এই আশঙ্কায় যে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে জাতিগোষ্ঠীগত বিরোধ-সংঘাত দেখা দিতে পারে। তিনি সর্বাত্মক চেষ্টা চালিয়েছিলেন রাজনৈতিক পন্থায়। বলপ্রয়োগের কথা তিনি কখনো ভাবেননি, যদিও সোভিয়েত সমরযন্ত্র সে জন্য প্রস্তুত ছিল, যেমন প্রস্তুত দেখা যাচ্ছে আজকের রুশ সমরযন্ত্রকে।
কিন্তু পুতিনের প্রধান অস্ত্র প্রবল রুশ জাতীয়তাবাদ; এ মুহূর্তে তাঁর জনপ্রিয়তা ভীষণভাবে বেড়ে গেছে। কারণ, তিনি রুশীদের জাত্যভিমানকে তাঁর প্রধান রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। এই আবেগ কাজে লাগিয়ে তিনি দেশের ভেতরে তাঁর বিরোধী রাজনৈতিক শক্তিগুলোকে যেমন কোণঠাসা করেছেন, তেমনই উনিশ শতকের প্রবল পরাক্রমশালী রুশ সাম্রাজ্য ও বিশ শতকের শক্তিধর পরাশক্তি সোভিয়েত ইউনিয়নের দুর্দমনীয় চরিত্রের স্মৃতি ফিরিয়ে আনার চেষ্টা করছেন। এটা করতে গিয়ে প্রয়োজন হলে সামরিক বলপ্রয়োগেও যে তিনি দ্বিধা করবেন না, এ কথা তিনি বারবার বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন।
আমেরিকা ও তার পশ্চিমা মিত্রদের একতরফা দাপটে বিশ্বে যখন ন্যায়-অন্যায় একাকার হয়ে গেছে, তখন পুতিনের নেতৃত্বে রাশিয়ার স্নায়ুযুদ্ধের আমলের পরাশক্তির চেহারা নিয়ে দাঁড়ানোর চেষ্টায় বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের অনেক দেশেই অনেক মানুষ খুশি। ক্রিমিয়ার ৯৩ শতাংশ মানুষ রাশিয়ার সঙ্গে যুক্ত হতে চায় এবং রাশিয়া ক্রিমিয়াকে নিজের অংশ করে নিতে প্রস্তুত বলে আমেরিকা ও তার মিত্ররা তীব্র ভাষায় পুতিনের নিন্দামন্দ করছে, রাশিয়াকে নানা রকম অবরোধে নাস্তানাবুদ করার উদ্যোগ নিচ্ছে।
কিন্তু পুতিন তাতে মোটেও ঘাবড়ে যাওয়ার পাত্র নন। তিনি মঙ্গলবারের বক্তৃতায় বলেছেন, আমেরিকা আজ যাকে সাদা বলে, কালই তাকে কালো বলতে দ্বিধা করে না।

মশিউল আলম: সাংবাদিক।