গত ২৯ মার্চ প্রথম আলো পত্রিকায় ‘মন্ত্রণালয়ের অদক্ষতা, ভুগছেন প্রাথমিক শিক্ষকেরা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। যেখানে একবিংশ শতাব্দীর তথ্যপ্রযুক্তির সম্ভাবনায় ভরা, ডিজিটাল মন্ত্রণালয়ের কর্মকর্তারা কুম্ভকর্ণের মতো কী রকম কর্মব্যস্ত, তার বিবরণ প্রকাশ পেয়েছে।
এর ফলে ৩ এপ্রিল একটা নীতিমালা জারি করে, যেখানে পুল থেকে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয় কয়েকটি শর্তের মাধ্যমে। শর্তগুলো হলো, তাঁদের সম্মানী ভাতা হবে ছয় হাজার টাকা, নিয়োগের মেয়াদ হবে ছয় মাস, পরে নবায়ন করা যাবে অথবা নিয়োগের মেয়াদ বাড়ানো যাবে, সেখানেও কিছু না কিছু শর্ত থাকবে।
তবে এটা ঠিক কর্তৃপক্ষ একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে, তা হলো তাঁরা কখনো স্থায়ী হবেন না। তাঁরা সরকারি ছুটি ছাড়া অন্য কোনো প্রকার ছুটি ভোগ করতে পারবেন না বা দাবি করতে পারবেন না। একনাগাড়ে সাত দিন অনুপস্থিত থাকলে তাঁর নিয়োগ বাতিল বলে গণ্য হবে। পুল থেকে শিক্ষক নিয়োগের শর্তগুলো কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
তাই, নিয়োগ দিতে চাইলে সমস্ত পুলে থাকা শিক্ষকদের নিয়োগ দেবেন, কোনো শর্ত থাকবে না, নিয়োগ হবে স্থায়ী। আর যদি সরকার সেটি করতে না পারে তাহলে নিয়োগ প্রক্রিয়া বন্ধ করাই হবে শ্রেয়।
উজ্জ্বল, শেরপুর।