গত ২৭ আগস্ট বাংলাদেশের প্রথম শ্রেণীর সব কটি দৈনিকের প্রথম পাতায় সংবাদটা প্রকাশিত হয়। সংবাদের বিষয়বস্তু হলো, ঢাকার গাবতলী বাসস্ট্যান্ড-সংলগ্ন আমিনবাজারের ব্যবসায়ীরা আমিনবাজার পুলিশ ফাঁড়ি অবরোধ করেছেন। কারণ, এই পুলিশ ফাঁড়ির কর্মকর্তা ও কনস্টেবলরা আমিনবাজার থেকে মাছ নিয়ে পয়সা দেন না। তাই একটি দৈনিক এই খবরের শিরোনাম করেছে, ‘আমিন বাজারে মাছখেকো পুলিশ’। বোঝা যায়, এই ঘটনা এক দিনের নয়। এই বাজারের মাছ ব্যবসায়ীরা দীর্ঘদিন সম্মানিত পুলিশ সদস্যদের এই নজিরবিহীন সেবা গ্রহণের পরে অতিশয় নিরুপায় হয়ে পুলিশ ফাঁড়ি ঘেরাও করতে বাধ্য হয়েছিলেন।
ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস ‘পদ্মা নদীর মাঝি’তে শীতলবাবু নামে একটা চরিত্র আছে। সে দরিদ্র কুবের মাঝির কাছ থেকে গোপনে মাছ নিত। দুটো পয়সার জন্য কুবের মাঝি মহাজনের মাছ চুরি করে শীতলবাবুর কাছে বিক্রি করত। নামেই বিক্রি, শীতলবাবু মাছ নিয়ে তেমন পয়সাকড়ি দিত না। শুধু বলত, বাকি থাক। কুবের মাঝি এ জন্য মুখ ফুটে কিছু বলতে পারত না। কিন্তু আগামী দিন পরিশোধ করার কথা বলে আবারও যখন শীতলবাবু কুবেরকে কলা দেখিয়ে মাছ নিয়ে চলে যেত, তখন কুবেরের বুক থেকে দীর্ঘশ্বাসের মতো একটা কথা বেরিয়ে আসত, ‘হালা ডাকাইত!’ এই শীতলবাবুকে অশিক্ষিত কুবের মাঝিরা ‘শেতলবাবু’ বলত।
শুধু আমিনবাজার নয়, সমগ্র বাংলাদেশকে পুলিশ বাহিনীর কিছু লোক আমিনবাজার বানিয়েছে। তারা শুধু মাছ নয়, যখন যা সুযোগমতো পায়, তা-ই হাতিয়ে নেয়। হাইওয়ের বিশেষ বিশেষ স্থানে মালবাহী ট্রাক থামিয়ে যথেচ্ছ চাঁদা নেয়, মাদক ব্যবসায়ীদের সহযোগিতা করে। ১০-২০ টাকা থেকে শুরু করে লাখ লাখ টাকা এরা নানা রকম সিস্টেম করে হাতিয়ে নিচ্ছে।
এর নাম কি আইনশৃঙ্খলা রক্ষা করা?
শরিফুল ইসলাম
পাংশা, রাজবাড়ী।