তাঁর সবই আছে, শুধু নেই ভয় আর লজ্জা। আইনের ভয় আর লোকলজ্জা যদি পুলিশ কর্মকর্তারই না থাকে, তাহলে বুঝতে হবে অধঃপতনের চূড়ান্ত আসলে হয়ে গেছে। এটা কেবল ব্যক্তি হিসেবে পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শকেরই অধঃপতন নয়, সরকারি কর্মকর্তাদের একাংশের নৈতিকতার অধঃপতনেরও নিদর্শন।
পুলিশের একজন কর্মকর্তা তাঁর মেয়ের জন্মদিনে গাজীপুরের ওয়াটার ফ্রন্ট নামের বিরাট বিনোদনকেন্দ্র ভাড়া করেছেন। ৫০০ অতিথির দুপুর-সন্ধ্যার ভূরিভোজের ব্যবস্থা করেছেন, সেখানকার সব কটি ভিআইপি কটেজও ভাড়া নিয়েছেন। কন্যার প্রতি তাঁর ভালোবাসার এই প্রদর্শনীতে হাজির হতে হয়েছিল ঢাকা রেঞ্জের অধীন প্রায় সব এসপি, এএসপি, থানার ওসি ও অন্য কর্মকর্তাদের। পারিবারিক ও সামাজিক সম্পর্কের অতিথিরা তো ছিলেনই। কেবল খাবারের খরচই হয়েছে প্রায় আট লাখ টাকা। পার্কের সম্মেলনকক্ষের ভাড়া ৮০ হাজার টাকা। কটেজ ভাড়া ৭২ হাজার টাকা। সন্তানের স্নেহে ব্যাকুল সম্রাট বাবরও বোধ করি সেকালে এ রকম আড়ম্বর করতে পারতেন না। কিন্তু পুলিশের উপমহাপরিদর্শক (ডিজি) এস এম মাহফুজুল হক নুরুজ্জামান পেরেছেন। কিন্তু কীভাবে? একজন পুলিশ কর্মকর্তার কত আয় হলে কেবল একটি জন্মদিন উদ্যাপনেই লাখো টাকা ব্যয় করতে পারেন?
ডিজি মহোদয় বলেছেন, তাঁর একটি টাকাও খরচ হয়নি, সব টাকা দিয়েছেন তাঁর প্রবাসী ভাইবোন। অন্যের অর্থে লোক দেখানো আড়ম্বর করা কতটা রুচিসম্মত, সেই প্রশ্ন না তুলেও বলা যায়, এ ধরনের বাড়াবাড়ি আয়োজন যাঁদের জন্য, তাঁর সহকর্মী ও অধীন পুলিশ কর্মকর্তারা এ থেকে কী বার্তা পেলেন? তাঁরা কি জানলেন না যে, পুলিশের একজন ডিজির এত টাকা ব্যয় করা তখনই সম্ভব, যখন তাঁর অবৈধ আয় থাকে? জনগণই বা সরকারি কর্মকর্তার চালচলন সম্পর্কে কী ধারণা পেল?
পুলিশ কর্তৃপক্ষের উচিত, এই ব্যক্তির ব্যাপারে অনুসন্ধান চালানো। দুর্নীতি দমন কমিশনের (দুদক) উচিত তাঁর সম্পত্তি ও আয়ের খতিয়ান দেখা। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উচিত তাঁর প্রদর্শিত আয় ও ব্যয়ের অসংগতির ব্যাপারে খোঁজ করা। এই ঘটনা হালকা করে দেখলে খুবই মন্দ একটি নজির স্থাপিত হবে। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এটা উপলব্ধি করে যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত।