আইন প্রয়োগকারী সংস্থার ভেতরেই বেআইনিভাবে পদোন্নতি দেওয়া হলে আইন রক্ষা করবে কে? এ যে সরষের মধ্যে ভূত। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অভিযোগ করা হয়েছে, বেশ কজন পুলিশ কর্মকর্তাকে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে উচ্চতর পদে বসানো হয়েছে। পদ নেই, কিন্তু পদোন্নতি আছে। তাই প্রচলিত ধারায় ‘চলতি দায়িত্বে’ তাঁদের বসানো হয়েছে। পরে পুরোদস্তুর পদ দেওয়া হয়। মন্ত্রণালয় থেকে ‘চলতি দায়িত্বে’ নিয়োগ বাতিল করে নিয়মিত কর্মকর্তাদের সেই পদে দেওয়ার প্রস্তাব পাঠাতে বলেছে।
পুলিশ সদর দপ্তরের একজন অতিরিক্ত উপমহাপরিদর্শককে (অ্যাডিশনাল ডিআইজি) ডিআইজির চলতি দায়িত্ব দিয়ে নৌ-পুলিশের প্রধান হিসেবে পদায়নের প্রস্তাব করা হয়। এই পদটি কিছুদিন আগে নতুন সৃষ্টি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুযায়ী নতুন সৃষ্ট পদে চলতি বা অতিরিক্ত দায়িত্ব দেওয়ার কোনো বিধান নেই। উচ্চপর্যায়ের পদোন্নতি-সংক্রান্ত কমিটির মাধ্যমে এ ধরনের পদায়ন হয় এবং সে ক্ষেত্রে জ্যেষ্ঠতা অনুসরণ করতে হয়। তাই প্রস্তাবটি আইনসম্মত হয়নি।
প্রথম আলোয় গত শুক্রবার প্রকাশিত তথ্যে জানা গেছে, শুধু প্রস্তাব নয়, এর আগে পুলিশ সুপার, ডিআইজি, অতিরিক্ত ডিআইজি প্রভৃতি পদে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে অনেককে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। এর ফলে পুলিশ প্রশাসনের ভেতরেই অসন্তোষ সৃষ্টি হয়েছে। রাজনৈতিক বিবেচনায় এ ধরনের ‘পদোন্নতি’ দেওয়ার প্রবণতা পুলিশ প্রশাসনে দেখা যাচ্ছে। বিগত সংসদের বিরোধীদলীয় চিফ হুইপকে হরতালের সময় মারধর করে দুজন পুলিশ কর্মকর্তা অনেককে ডিঙিয়ে পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করলে সে সময় সমালোচনার ঢেউ ওঠে।
পুলিশ প্রশাসনের কাজ আইনশৃঙ্খলা রক্ষা করা, কোনো সরকারি দলের স্বার্থ রক্ষা করা নয়। পুলিশ কর্মকর্তাদের দলীয়করণের মাধ্যমে যদি বিতর্কিত করা হয়, তাহলে শান্তিশৃঙ্খলা রক্ষা করবে কে? বস্তুত আজকাল অনেক ক্ষেত্রে পুলিশের ভূমিকা ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে। এর পেছনে হয়তো তাদের পদোন্নতিতে অনিয়ম, জ্যেষ্ঠতা লঙ্ঘন প্রভৃতি দায়ী। তাই এ ধরনের অনিয়ম বন্ধ করতে হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘চলতি দায়িত্বে’ নিয়োগ বন্ধ করতে বলে একটি ভালো উদ্যোগ নিয়েছে। কিন্তু তাদের নিজেদের দিকেও তাকাতে হবে। সচিবালয়ে বিভিন্ন ক্যাডারে এ ধরনের ‘চলতি দায়িত্ব’ দেওয়ার নজির রয়েছে। এই ধারা বন্ধ করতে হবে সবখানেই। প্রশাসনের সুষ্ঠু কাজের পরিবেশের জন্যই এটা দরকার।