গতকালের পর
নব্বইয়ের দশকে বিএনপি ও আওয়ামী লীগ—উভয় সরকারের সময়ে পুলিশ কর্তৃপক্ষের আমন্ত্রণে প্রতিবছর পুলিশ সপ্তাহে রাজারবাগ পুলিশ লাইনসে যেতাম। চমৎকার তাদের অনুষ্ঠান। ২০০১-এর নির্বাচনে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় গেলে আওয়ামী লীগের নেতা-কর্মী ও হিন্দুদের ওপর হামলার সময় আমি ব্যক্তিগতভাবে কয়েক দিন কিছু প্রতিরোধমূলক ও প্রতিবাদমূলক কর্মসূচি পালন করি। জেলায় জেলায় যাই, সে খবর কাগজে ছাপা হয়। তার পর থেকে পুলিশ সপ্তাহের মনোজ্ঞ অনুষ্ঠানে আমি আর দাওয়াত পাই না।
কিন্তু তা না পেলেও নিচের থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত অনেক পুলিশ কর্মকর্তার সঙ্গে আমার সম্পর্ক হূদ্যতাপূর্ণ ও পারস্পরিক শ্রদ্ধাবোধের। তা ছাড়া, ট্রাফিক সিগন্যালে লাল বাতির জন্য যখন অপেক্ষা করি, কর্তব্যরত পুলিশ কর্মকর্তাদের অনেকেই এসে কুশল জিজ্ঞেস করেন অথবা তাঁদের সমস্যার কথা বলেন। রাষ্ট্রের অন্যান্য শ্রেণীর কর্মকর্তা-কর্মচারীদের চেয়ে তাঁদের কাজের ধরন ভিন্ন এবং সমস্যাও অন্য রকম। পুলিশকে কাজ করতে হয় সমাজবিরোধীদের মধ্যে। সিঁধেল চোর, ছিনতাইকারী, খুনের আসামি থেকে ডান-বাম উগ্র রাজনীতির জঙ্গিদের মোকাবিলা করতে হয় পুলিশকেই। তার মধ্যে আমাদের উচ্চ-শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কুরুক্ষেত্র। সেগুলো নিয়ন্ত্রণ করা চাট্টিখানি কাজ নয়। সরকারপক্ষের ছাত্রদের চাপাতি-পিস্তলসহ ধরা পুলিশের পক্ষে মোটেই কষ্টকর নয়, কিন্তু তারা তা পারে না। দাঁড়িয়ে দেখে তাদের অস্ত্রের এস্তেমাল। অন্যদিকে বিরোধী দলের ছাত্রদের পেটানোর ইচ্ছা পুলিশের থাক বা না থাক, চাকরি রক্ষার্থে করতেই হয়।
কোনো ট্রাক-বাস বা সিএনজি অটোরিকশাচালকের কাছ থেকে কোনো নিম্ন আয়ের পুলিশ ২০-৫০ টাকা ঘুষ নিচ্ছে, সে খবর ছবিসহ কাগজে ছাপা হয়। তাদের ভালো কাজের খবর কেউ রাখে না। কয়েক দিন আগের একটি ঘটনা। এক বৃদ্ধাকে একটি অটোরিকশা ধাক্কা দিয়ে শাঁ করে চলে গেল, আমি পুরানা পল্টন মোড়ে দাঁড়ানো। ওই বোরকা পরা বৃদ্ধাকে একজন পুলিশ সদস্য কোলে করে ফুটপাতে নিয়ে এলেন। মহিলা দাঁড়াতে পারছিলেন না। আমি পুলিশ সদস্যকে অনুরোধ করি তাঁকে তাঁর বাড়িতে যেন পৌঁছে দেওয়া হয়। তিনি বললেন, ব্যবস্থা করবেন।
তেল-গ্যাস-খনিজ সম্পদ নিয়ে আন্দোলনের সময় পুলিশের সঙ্গে রাজপথে কখনো ধস্তাধস্তি হয়েছে। কিন্তু পরিস্থিতি শান্ত হলে পুলিশেরই কোনো অফিসার কাছে এসে বলেছেন, ‘স্যার, মাফ করবেন। আমরা দায়িত্ব পালন করি।’ বলেছি, বাড়াবাড়ি না করে নির্দেশমতো কাজ করাই আপনাদের কর্তব্য। জোট সরকারের সময় ফুলবাড়ী রক্তপাতের দিন একজন পুলিশ কর্মকর্তাই আমাকে একটি দোকানের ভেতরে ঢুকিয়ে দিতে সাহায্য করেন। সুতরাং পুলিশ মানেই নিষ্ঠুর ও অমানুষ, তা মোটেই সত্য নয়। নিষ্ঠুর আমাদের রাজনৈতিক সংস্কৃতি। সমাজ আমাদের অপরাধে পরিপূর্ণ। সমাজ শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত হলে পুলিশ-র্যাবের প্রয়োজনই হতো না।
যখন থেকে রাষ্ট্র গঠিত হয়েছে, তখন থেকেই তার নাগরিকেরা দুটি বিষয়ে সতর্ক। একটি হলো বৈদেশিক আক্রমণ থেকে রাষ্ট্রকে রক্ষা করা এবং আরেকটি রাষ্ট্রের ভেতরের সমাজবিরোধীদের দমন। রাষ্ট্রের ভেতরের বিদ্রোহের আশঙ্কাও মাথায় রেখেই সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গঠিত হয়। প্রাচীনকালে এখনকার মতো পুলিশ ছিল না। জনগণই সংঘবদ্ধভাবে সমাজবিরোধীদের দমন করত। গ্রামপ্রধান বা বয়স্ক কোনো ব্যক্তির নেতৃত্বে গড়ে উঠত সেই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ইংরেজি পুলিশ শব্দটির উৎপত্তি গ্রিক শব্দ Polis থেকে, যার অর্থ City বা নগর। নগরে শাসকশ্রেণী বাস করতেন, তাঁদের নিরাপত্তা দিতেই পুলিশের সৃষ্টি। মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবর উপমহাদেশে পুলিশের প্রবর্তক। মোগল আমলে শহরের প্রধান পুলিশ কর্মকর্তাকে বলা হতো ‘কোতোয়াল’। এটি একটি হিন্দি শব্দ, যার অর্থ কেল্লারক্ষক। এখনো আমরা কোনো নগরের প্রধান থানাকে কোতোয়ালি থানা বলি।
ব্রিটিশ আমলে ঔপনিবেশিক শাসক ও নতুন জমিদারদের স্বার্থ রক্ষার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় পুলিশ বাহিনীকে পুনর্গঠিত করা হয়। ১৮৩০ থেকে ১৮৬০ সালের মধ্যে পুলিশের অদক্ষতা ও দুর্নীতি নিয়ে প্রথম প্রশ্ন তোলা হয়। ১৮৫৫ সালে মাদ্রাজের (চেন্নাই) পুলিশের
একটি বাড়াবাড়ির ঘটনায় Torture Commission-এ একজন সাক্ষী বলেন: Police was a terror to well-disciplined and peaceable people. ১৮৬১ সালে প্রবর্তিত Police Act v-এর পর থেকে একটি সুশৃঙ্খল বাহিনী হিসেবে গড়ে তুলতে ব্রিটিশ সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে। পাকিস্তান আমল ও বাংলাদেশের পুলিশ ব্রিটিশ পুলিশেরই উত্তরাধিকারী। বাংলাদেশ পুলিশের দক্ষতা অন্যান্য কমনওয়েলথ দেশের পুলিশের চেয়ে কম ছিল না। বহু চাঞ্চল্যকর মামলার আসামিদের তারা ধরে আইনের আওতায় এনেছে। গত দু-তিন সরকারের সময় দলীয় লোকদের নিয়োগ দেওয়ায় পুলিশের দক্ষতা ও মান নিচে নেমে যাচ্ছে। তার সঙ্গে যোগ হয়েছে নষ্ট রাজনীতি।
সহিংস রাজনীতি আগেও ছিল। ব্রিটিশ যুগেও ছিল, পাকিস্তান আমলেও ছিল। ১৯৬২ থেকে ছাত্ররাজনীতিকে খুব কাছ থেকে দেখেছি। এখন ছাত্ররাজনীতি নয়, ছাত্রনেতা নামধারীদের রাজনীতি। ধর্মপন্থী রাজনীতিও আগে ছিল। এখন ধর্মীয় জঙ্গিদের রাজনীতি। তারা যতটা না ধর্ম প্রতিষ্ঠা করতে চায়, তার চেয়ে বেশি চায় ক্ষমতা দখল করতে। তাদের আক্রোশ শুধু প্রতিপক্ষের ওপর নয়, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের ওপরও। তাদের ওপর ইটপাটকেল বর্ষণ নয়, পেট্রলবোমাও ছোড়া হয়। তারা মানুষ, তাদের প্রাণেরও সমান মূল্য। গত বছর বিরোধী দলের হরতাল-অবরোধের সময় অন্তত জনা দশেক পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন।
মার্কিন রিপোর্টে নিরাপত্তা বাহিনী কর্তৃক মানবাধিকার লঙ্ঘন, বিনা বিচারে আটক, গণগ্রেপ্তারের কথাও বলা হয়েছে; দুর্বল বিচারব্যবস্থার কথাও। গণগ্রেপ্তার হয় হিংসার রাজনীতির কারণে। তবে তাতে কোনো কোনো পুলিশ কর্মকর্তা লাভবানও হন। সরকারবিরোধীদের সহিংস রাজনীতির নিন্দাও আছে।
যখন কোনো দেশে রাজনৈতিক ও সামাজিক শক্তি সহিংস হয়ে ওঠে, তখন সেখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলপ্রয়োগ না করে উপায় থাকে না। কখনো সেই বলপ্রয়োগ স্বাভাবিকের চেয়ে বেশি হতে পারে। সেটাই নিন্দনীয়। রাজাকার সাঈদীর ফাঁসির আদেশের পর থেকেই জামায়াত-শিবির এমন এক রুদ্রমূর্তি নিয়ে রাস্তায় নামে, যা সামাল দেওয়া সাধারণ পুলিশ সদস্যদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায়।
ঠিক তার পরপরই আবির্ভাব হেফাজতের। কেউ যদি মনে করেন ইসলাম বিলুপ্তপ্রায়, তার হেফাজত তাঁরা করতেই পারেন। কিন্তু ধর্ম রক্ষার চেয়ে ক্ষমতা দখল যদি অগ্রাধিকার পায়, তখন শঙ্কিত না হয়ে পারা যায় না। ১৩ দফা সনদ বাস্তবায়ন করা ক্ষমতা দখল ছাড়া সম্ভব নয়। শাপলা চত্বরে যেদিন হেফাজতের আখেরি সমাবেশ হয়, সেদিন বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত আমি টিভির সামনে বসা ছিলাম। জীবনে বহু অনলবর্ষী নেতার বক্তৃতা শুনেছি, কিন্তু তাদের সেই বক্তৃতা শাপলার মহান নেতাদের অমৃত বাণীর কাছে কিছুই নয়।
শাপলার নেতাদের মর্মবাণী ছিল: রাত পোহালেই নতুন সরকার আসছে। সেই সরকারে ইরানের আয়াতুল্লাহ খামেনির মতো একজন থাকবেন শীর্ষে এবং জনাব বাবুনগরীই সম্ভাব্য সরকারপ্রধান। সেই সরকারের সহায়তাকারী হিসেবে দুই পাশে থাকবে বিএনপি ও জাতীয় পার্টি। জামায়াত কোথায় থাকবে, অন্তরে না বাইরে, তা জানার আগেই মধ্যরাতে কেল্লা ফতে।
শাপলায় সেদিন সুবেহ সাদেক বা সূর্যোদয় পর্যন্ত হেফাজত থাকলে পরদিন আর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ থাকত না, হয়ে যেত আমিরাতে বাংলাদেশ অথবা গাদ্দাফির লিবিয়ার মতো জম হুরিয়াতে বাঙালিস্তান।
শাপলার আখেরি জমায়েতের এক দিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ডেকে ১৩ দফা মুক্তি সনদের এক এক দফা পাঠ করে তিনি তাঁর মতামত দেন। তাঁর মতামত ছিল যুক্তিপূর্ণ। তিনি আহ্বান জানান, ১৩ দফাপন্থীরা ঢাকায় এসে শান্তিপূর্ণ সমাবেশ করে চলে যান। ওই রাতেই আমি একটি মন্তব্য প্রতিবেদনে প্রধানমন্ত্রীর মন্তব্য সমর্থন করে জিহাদিদের প্রতি আবেদনে বলি, কোনো দাবিরই সবটা এক দিনে অর্জন সম্ভব নয়। আইনশৃঙ্খলার অবনতি যেন না ঘটে। কে শোনে কার কথা। রাত পোহালেই ইসলামি বিপ্লব।
একটি নির্বাচিত সরকারকে অযৌক্তিকভাবে গলায় গামছা দিয়ে টেনে নামিয়ে ক্ষমতা দখল সুস্থ কোনো মানুষ সমর্থন করতে পারে না। পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নয়। বেগম জিয়া ও এরশাদ সাহেব যে এত অতিথিপরায়ণ, তা আগে জানতাম না। ওই রাতে শাপলা থেকে তাদের সরিয়ে না দিলে, ধারণা করি, হেফাজতিদের প্রাতরাশ ও মধ্যাহ্নভোজনের তেহারি রান্না করতে কয়েক হাজার গরু ও খাসিকে ক্রসফায়ারে দিতে হতো।
হেফাজতের আখেরি জমায়েতে নিহতের সংখ্যা কেউ বলছেন জনা তিরিশ, কেউ বলছেন তিন হাজার। আমি বলব, যদি তিনজনও হয়ে থাকে, সেটাও খুব বড় সংখ্যা। যেখানে জীবনের প্রশ্ন জড়িত, সেখানে একটি প্রাণেরই অনেক মূল্য।
অজ্ঞ ধর্মান্ধ শক্তি সমাজের অগ্রগতির পথে মস্ত বড় বাধা। আলেম-ওলেমা, যাজক-পুরোহিত প্রমুখ ধর্মীয় নেতাকে নিয়েই আধুনিক রাষ্ট্র। সামাজিক নীতি-নৈতিকতা সৃষ্টিতে তাঁদের ভূমিকা হতে পারে অসামান্য। তাঁরা সুপরামর্শের মাধ্যমে সরকারকে দিয়ে ভালো কাজ করাতে পারেন। মানুষের মধ্যে সৃষ্টি করতে পারেন নৈতিক মূল্যবোধ। তা না করে তাঁরা রাষ্ট্রীয় ক্ষমতার পেছনে ছুটলে কোনো দিন ক্ষমতাও পাবেন না, সমাজও থাকবে নৈতিকতাবর্জিত ও অপরাধে পরিপূর্ণ। রাষ্ট্র পরিচালনার কাজটি রাজনীতিকদের হাতেই ছেড়ে দেওয়া ভালো।
একটি দূষিত রাজনৈতিক চক্রে আবদ্ধ হয়ে গেছে আমাদের সমাজ ও রাষ্ট্র। বাংলাদেশের সমাজ ও রাষ্ট্রের কোনো বলিষ্ঠ দার্শনিক ভিত্তি নেই। ফলে ক্ষমতার জন্য শাসকশ্রেণী যেকোনো অনৈতিক কাজ করতে পারে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড তার একটি। শাসকদের অনৈতিক কাজে সহায়তা দিতে বাধ্য করা হয় রাষ্ট্রের বিভিন্ন শক্তিকে। সবার আগে ব্যবহূত হয় পুলিশ।
নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করতে দিলে এবং একশ্রেণীর পুলিশ সদস্যের দুর্নীতির ওপর সরকার নজরদারি করলে পুলিশ একাই সমাজে অপরাধ কমাতে সক্ষম। কোনো ক্রসফায়ারের প্রয়োজন হবে না। সাম্প্রতিক সময়েই বহু জটিল অপরাধের রহস্য উন্মোচন করেছেন পুলিশ ও র্যাবের সদস্যরা। তবে শুধু পুলিশ-র্যাব দক্ষ, সৎ ও নিরপেক্ষ হলেই হবে না; আদালত ও ম্যাজিস্ট্রেট দক্ষ, নিরপেক্ষ ও সৎ না হলে অপরাধ দমন সম্ভব নয়।
বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো নির্মম ও অমানবিক কর্মের জন্য কোনো বাহিনীর কোনো সদস্যকে দায়ী করা হলেও আসলে তা করে স্বয়ং রাষ্ট্র। চাইলে এক দিনেই তা বন্ধ করতে পারে রাষ্ট্র। সে জন্য প্রয়োজন রাষ্ট্রের পলিসির পরিবর্তন ও রাষ্ট্রব্যবস্থার পুনর্গঠন। সত্তরের নির্বাচনের আগে মানুষের প্রত্যাশা ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা, ন্যায়ভিত্তিক সমাজ ও আইনের শাসন। সেই লক্ষ্য অর্জন করতে চাইলে রাজনীতির পুনর্গঠন ছাড়া সম্ভব নয়।
সৈয়দ আবুল মকসুুদ: গবেষক, প্রাবন্ধিক ও কলাম লেখক।