পুলিশ জনগণের বন্ধু। মানুষের দৈনন্দিন জীবনের আপদ-বিপদের সাথি। এ ধারণা বাংলাদেশে ক্রমেই ম্লান হয়ে চলেছে। ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে অস্ত্র দেখিয়ে ধর্ষণের অভিযোগে মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এটা স্বস্তিকর যে পুলিশ সুপার ও সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার প্রাথমিক সত্যতা নিশ্চিত করেছেন। তবে প্রশাসনিক পদক্ষেপগুলো এখন পর্যন্ত গতানুগতিক, যার প্রতি সাধারণভাবে খুব ভরসা করা চলে না। আলামত সংগ্রহে ডিএনএ পরীক্ষার সুযোগ না নিয়ে কেবল রিমান্ড বা ক্লোজড সুরাহা দেবে না।
এ ধরনের গ্রেপ্তার এবং প্রত্যাহার করার পদক্ষেপ কোনো কোনো ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা মনে হলেও পরবর্তীকালে অভিযুক্তের জন্য এটাই পুরস্কার বা খালাসের সূচক হয়ে ওঠে। কারণ, এ ধরনের অপরাধের ক্ষেত্রে পুলিশ বিভাগ ধামাচাপা দিতে সচেষ্ট হয় কিংবা এতই মন্থর গতিতে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়, যা চূড়ান্ত বিচারে শিষ্টের দমন ও দুষ্টের পালনে রূপ নেয়।
মুন্সিগঞ্জের ঘটনায় ষষ্ঠ শ্রেণীর এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ দৃশ্যত সত্য প্রতিভাত হওয়ার পরও সাত দিনের রিমান্ড চাওয়া একটি অপ্রয়োজনীয় পদক্ষেপ বলে প্রতীয়মান হয়। দেশের প্রচলিত বিচারব্যবস্থার প্রতি মানুষ দিন দিন আস্থা হারাচ্ছে। এর একটা বড় কারণ, বিচারের পথ রুদ্ধ করে দিয়ে গ্রেপ্তার, জামিন নামঞ্জুর ও রিমান্ডের মতো চটকদার হাতিয়ারগুলো ব্যবহার করা হয়। কিন্তু সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে হলে দ্রুততার সঙ্গে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। আমরা মনে করি, এ ধরনের ঘৃণ্য অপরাধের দায়ে অভিযুক্তের সাত দিনের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে। মুন্সিগঞ্জের ঘটনার আমরা বিচার চাই, রিমান্ড চাই না।