এ সপ্তাহেরই দুটি ঘটনা। একটিতে পুলিশের পীড়নে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে, অন্যটিতে আহত হয়েছেন এক যুবক। দুজনই প্রতিবাদকারী। সমাজে অপরাধীর সংখ্যা বেড়ে গেলে যত না বিপদ, তার থেকে বেশি বিপদ অপরাধ দমনকারী সংস্থাগুলোই অপরাধে যুক্ত হয়ে পড়লে। পুলিশের বাড়াবাড়িতে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়।
গত শনিবার মিরপুরের বিহারি ক্যাম্পের বিয়ের অনুষ্ঠান থেকে পল্লবী থানার পুলিশ পাঁচ যুবককে ধরে নিয়ে যায়। রাতভর পীড়নে তাঁদের একজন নিহত হন। তাঁর সঙ্গে আটক থাকা ভাইয়ের অভিযোগ, অন্তিম সময়ে চিকিৎসার কথা বললেও পুলিশ তাঁকে হাসপাতাল থেকে একটি মাত্র ব্যথার ট্যাবলেট খাইয়ে আবার থানায় নিয়ে আসে। নিহত ইশতিয়াক আহমেদ জনি (২৮) বিয়ের অনুষ্ঠানে পুলিশের কথিত সোর্স হিসেবে পরিচিত তরুণদের হাতে নারীদের নিগৃহীত হওয়ার প্রতিবাদ করলে পুলিশ সেখানে গিয়ে নিপীড়ন চালায়। পুলিশের সোর্সের নারী নিপীড়নের প্রতিবাদ করায় জনিকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে পরিবারের অভিযোগ।
অন্য ঘটনাটিও ঢাকার। বয়স্ক এক রিকশাচালককে ট্রাফিক পুলিশ বেদম প্রহার করতে থাকলে দোকান কর্মচারী জসিমউদ্দীন প্রতিবাদ করেন। তখন আরও পুলিশ এসে তাঁকে রাস্তায় ফেলে প্রহার করে। একপর্যায়ে তাঁরা তাঁকে গ্রেপ্তার করে নিয়ে যেতে চাইলে উপস্থিত জনতা বাধা দেন। পুলিশ যদি তাঁকেও ধরে নিয়ে যেত, তাহলে কি তার পরিণতি জনির মতো হতো? কেননা, দুজনই অন্যায়ের প্রতিবাদ করেছিলেন।
পুলিশের হেফাজতে থাকা মানে আইনের হেফাজতে থাকা। সুতরাং তাদের হাতে কারও অপমৃত্যু ঘটা কেবল অপরাধ নয়, আইনের ক্ষমতার চরম অপব্যবহার। ঘটনা ও আলামত বলে, পুলিশের হাত আর সব ক্ষেত্রে আইনের হাত হয়ে কাজ করছে না। এভাবে চলতে থাকলে মানুষ কীভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ভরসা রাখবে?
২০০৬ সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের এক জরিপে সব থেকে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানের মধ্যে শীর্ষে ছিল পুলিশ বিভাগ। অথচ পরের দুই বছর, অর্থাৎ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়। আলোচ্য দুটি ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি এবং আহত ও নিহত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি করছি।