পুলিশের যোগসাজশে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রতিক কালে শিশুসহ বিভিন্ন বয়সের মানুষকে অপহরণের ঘটনা বেড়ে যাওয়া নিঃসন্দেহে উদ্বেগজনক। কিন্তু সেই উদ্বেগ আরও বেড়ে যায়, যখন এসব ঘটনার সঙ্গে খোদ পুলিশ বিভাগের সদস্যদের জড়িত থাকতে দেখা যায়!
গতকাল প্রথম আলোয় প্রকাশিত খবরে জানা যায়, সম্প্রতি বেসরকারি প্রাইম বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশল বিভাগের ছাত্র শফিকুল ইসলামের অপহরণের ঘটনার সঙ্গে খোদ পুলিশের একাধিক সদস্য জড়িত ছিলেন। পরে ২০ লাখ টাকা পণ দিয়ে বাবা তাঁকে ছাড়িয়ে আনলেও এখনো সব অপরাধীকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও একজন উপপরিদর্শককে (এসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে। অপহরণের ঘটনার সঙ্গে ওসি কতটা জড়িত, সেটি প্রমাণসাপেক্ষ হলেও এসআইয়ের সম্পৃক্ততা নিশ্চিত বলে জানা গেছে পুলিশ বিভাগেরই এক তদন্ত প্রতিবেদনে।
কেবল অপহরণ নয়, চাঁদাবাজি, রাজারবাগ পুলিশ সদর দপ্তর থেকে গুলি বিক্রয়ের মতো গুরুতর অপরাধে অভিযুক্ত হয়েছেন পুলিশের সদস্যরা। এসব ঘটনায় সাময়িক বরখাস্ত বা কর্মস্থল থেকে প্রত্যাহার ছাড়া কারও বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নজির তেমন লক্ষণীয় নয়। এসব ক্ষেত্রে পুলিশ সদস্যদের মাধ্যমে গঠিত কমিটি অধিকাংশ ক্ষেত্রে তদন্তের নামে অভিযুক্ত ব্যক্তিদের রক্ষার চেষ্টা করে এবং সেখানেও বড় ধরনের আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে। অর্থাৎ একটি অপরাধ ঢাকতে তাঁরা আরও একাধিক অপরাধের আশ্রয় নেন।
বাংলাদেশ পুলিশের নিজস্ব ওয়েবসাইটে তাদের লক্ষ্য ও উদ্দেশ্য হিসেবে আইনের প্রয়োগ ও সামাজিক ব্যবস্থা সচল রাখার পাশাপাশি সমাজে অপরাধের ভীতি কমিয়ে আনা, জননিরাপত্তা জোরদার এবং জনসমাজের সহায়তায় অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়েছে। কিন্তু পুলিশ বিভাগের যে আত্মজিজ্ঞাসার মুখোমুখি হওয়া প্রয়োজন, তারা সেই কাজটি আদৌ করছে কি? পুলিশের সদস্যরা যদি এভাবে অপরাধের সঙ্গে জড়িত হয়ে পড়েন, তাহলে জনগণ তাঁদের ওপর ভরসা রাখবে কীভাবে?
আশা করি, শফিকুল ইসলাম অপহরণের ঘটনাটি কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে নেবে এবং দোষী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েই প্রমাণ করবে, আইন তার নিজস্ব গতিতে চলে।