পুলিশের ১০১ জন কর্মকর্তার বিরুদ্ধে আটক-বাণিজ্যের অভিযোগ আনার বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ বিভাগ যে নীতিগতভাবে উদ্যোগী হয়েছে, তাকে আমরা স্বাগত জানাই। কিন্তু যে প্রক্রিয়ায় এটি সম্পন্ন করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ আছে।
মেহেরপুরের এসপির বিরুদ্ধে ৮০টি অভিযোগ ছিল। বিভাগীয় তদন্ত প্রতিবেদনে দেখা যাচ্ছে, সে বিষয়ে উল্লেখ নেই। এমনকি এসপি ও ওসি পর্যায়ের অভিযুক্ত কর্মকর্তাদের বিষয়ে তদন্তকার্য হয়নি বললেই চলে। ১০১ জন অভিযুক্তের মধ্যে দেখা যাচ্ছে এসআই ও এএসআই সংখ্যাগরিষ্ঠ। আর তঁাদের গা বঁাচানো যুক্তি হলো, তঁাদেরকে ওপরের হুকুম তামিল করতেই হয়।
দৃশ্যত একটা অনৈতিক আপসরফা স্পষ্ট হয়ে ওঠে যখন দেখা যায়, যঁাদের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে, তঁাদের কেবল বদলি করা হয়েছে। এঁদের বিরুদ্ধে অন্য বিভাগীয় ব্যবস্থা আদৌ নেওয়া হবে কি না, সেটা নিশ্চিত নয়। তা ছাড়া ১৯ জেলার কর্মকর্তারা অভিযুক্ত হলেও ২৯ জন অভিযুক্ত হয়েছেন মাত্র নয়টি জেলা থেকে। বাকি ১০ জেলার অভিযুক্ত কর্মকর্তারা কোন বিবেচনায় বাদ পড়লেন, তার ব্যাখ্যাও প্রতিবেদনে নেই। এটা বিস্ময়কর। তাই জনমনে সন্দেহ জাগা স্বাভাবিক যে এটা আসলে লোক দেখানো তদন্ত কি না। বদলি সাধারণভাবে রুটিন প্রশাসনিক বিষয়। প্রচলিত আইনে কর্মস্থল পুনর্নির্ধারণ বা বদলি করাকে শৃঙ্খলামূলক শাস্তি হিসেবে গণ্য করা হয়নি।
নীতিনির্ধারকদের সর্বাগ্রে বোধোদয় হওয়া উচিত যে রাজনৈতিকভাবে পুলিশ বাহিনীকে বেপরোয়া ব্যবহারের বিষক্রিয়া পুলিশ প্রশাসনে সঞ্চারিত হয়েছে। এটাও প্রমাণিত হয়েছে যে পুলিশ বিভাগকে অকার্যকর করে এবং র্যাবের মতো এলিট ফোর্স গঠন করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সন্ত্রাস দমনে টেকসই সাফল্য অর্জন করা যাবে না। একসঙ্গে ১০১ জন কর্মকর্তার বিরুদ্ধে সরাসরি ঘুষ গ্রহণের অভিযোগ তদন্ত করে দেখার মতো পরিস্থিতি নির্দেশ করে যে বাস্তব কতটা রূঢ় হয়ে উঠেছে।
এটা লক্ষণীয়, যেসব কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে, তঁারা কোনোভাবেই লজ্জিত বা দ্বিধান্বিত নন। তঁারা অকপটে গণমাধ্যমকে দেওয়া বিবৃতিতে অনুসন্ধানকারী কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলছেন। এ ধরনের মনোভাব সদাচরণ বলে গণ্য হওয়ার নয়। অন্তত কয়েকটি ক্ষেত্রে বাধ্যতামূলক অবসর কেবল নয়, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে এ ধরনের মামুলি ব্যবস্থায় পুলিশ প্রশাসনের প্রতি দুর্নীতিবিরোধী সঠিক বার্তা পেঁৗছাবে না। তাই রাজনৈতিক কর্তৃপক্ষকে যথাযথ ভূমিকা পালন করতে হবে। সরিষায় ভূত থাকলে ভূত তাড়ানো যাবে না।
আমরা মনে করি, কেবল পুলিশ দিয়ে এর সুষ্ঠু তদন্ত চালানোর সুযোগ সীমিত থাকতে বাধ্য। বেসরকারি কোনো মানবাধিকার সংস্থা এবং সরকারের অন্য সংস্থাকে সম্পৃক্ত করে তদন্ত করলে তা গ্রহণযোগ্য হবে। এ জন্য একটি উপযুক্ত কমিটি গঠন করাই সমীচীন।