পুলিশের 'আটক-বাণিজ্য'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির কথা যাঁরা স্বীকার করেন, তাঁরাও জোর গলায় বলতে পারেন না যে, বছরে কতজন সরকারি কর্মকর্তা-কর্মচারীর দণ্ডপ্রািপ্ত ঘটে৷ পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার বন্ধের কথা ক্ষমতাসীনেরা একেবারেই আমলে নিতে চান না৷ তাঁরা হয়তো ভাবছেন, পুলিশ যেহেতু সরকারি কর্মচারী, তাই তারা কেবল ক্ষমতাসীন দলের আজ্ঞাবহ হবে৷ কেবল ফরমাশমতো প্রতিপক্ষ বা বিরোধী দল দমন করবে৷ সরকারি দলকে প্রশ্রয় দেবে৷ কিন্তু এটা কোনোভাবেই ঘটবার কথা নয়৷
১০১ জনের পর আরও ৭৪ পুলিশের বিরুদ্ধে এক হাজার থেকে ১৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে৷ অথচ আমরা এ রকম খবর শুনিনি যে এসব ঘটনায় পুলিশ প্রশাসনে হইচই পড়ে গেছে৷ এটা সত্য যে, প্রধানমন্ত্রীর দপ্তরের নথিতে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ গ্রহণের এত দীর্ঘ তািলকা এবং তা নিয়ে চিঠি চালাচালি আগেও কখনো ঘটেনি৷ এর মধ্যে নিশ্চয়ই সরকারের উচ্চপর্যায়ের দুর্নীতিবিরোধী মনোভাব প্রকাশ পাচ্ছে৷ কিন্তু মুশকিল হলো, এতটুকুতে দুর্নীতি ও অনিয়ম ঠেকানো যাচ্ছে না৷ জনপ্রশাসনের প্রতিটি স্তরে যেসব অনিয়ম ও দুর্নীতির ঘটনা ঘটছে, তা এককথায় ভয়াবহ৷ সব খবর নিশ্চয়ই প্রধানমন্ত্রীর দপ্তর পর্যন্ত পৌঁছায় না৷ কেউ প্রমাণ রেখে ঘুষ-দুর্নীতি করেন না৷ পুলিশসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের কর্তাব্যক্তিদের অনিয়ম ও দুর্নীতির খবর গণমাধ্যমেও প্রকাশিত হয়৷ এটা সরকারি কর্তাব্যক্তিদের কাছে অজানা থাকার কথা নয়৷ কিন্তু তাঁরা দেখেও না দেখার ভান করেন৷
পুলিশের আটক-বাণিজ্য হঠাৎ সৃষ্টি হয়নি৷ প্রতিপক্ষ দমনে ‘গণগ্রেপ্তার’ এসেছিল৷ এরই অনিবার্য কুফল আটক-বাণিজ্য৷ পরিহাস হলো, এখন আর ‘বাণিজ্য’টা কেবল ক্ষমতাসীনদের প্রতিপক্ষের ওপর চলে না৷ কারণ, ‘বাণিজ্য’ তো বাণিজ্যই, সে তার ধর্মমতো চলছে৷ আমরা আশঙ্কা করতে পারি, আটক-বাণিজ্য কেবল ঘুষের মতো অপরাধ সংঘটনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না৷ এভাবে চলতে থাকলে এই অপরাধের ডালপালা আরও বিস্তার লাভ করবে৷
নির্দিষ্টভাবে সর্বোচ্চ মহলে জানাজানি হওয়ার পরও এর আগে ১০১ জনের মধ্যে মাত্র ২৯ জনের বিরুদ্ধে তথাকথিত বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল৷ বদলি ও কর্মস্থল বদলানোর মতো ব্যবস্থা নিয়ে আসলে দুর্নীতিগ্রস্তদের প্রশ্রয়ই দেওয়া হচ্ছে৷ এর পরিণতি আরও ভয়াবহ হতে বাধ্য৷ কারণ, বদলির মতো ব্যবস্থা কোনো মানদণ্ডেই শাস্তি নয়; বরং পুরস্কারের নামান্তর৷ কথিতমতে ভুল চিকিৎসাদানকারী ও তাঁর কাছ থেকে চার লাখ টাকা গ্রহণকারী—কারোই বিচার হচ্ছে না৷ উভয়ের দায়মুক্তি যাঁরা নিশ্চিত করেন, তাঁরাও অপরাধী৷ আটক-বাণিজ্য বন্ধে আমরা তাই অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত বিচার সম্পন্ন করতে একটি সময়সীমা ঘোষণা প্রত্যাশা করি৷
যে সরকার নিজেকে জাতীয় সরকার মনে না করে দলের সরকার মনে করে, তারাই অবলীলায় পুলিশ বাহিনীকে রাজনৈতিক, বাণিজ্যিক এমনকি ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার করে৷ এটা সরকারেরও অধঃপতন, বাহিনী হিসেবে পুলিশেরও অধঃপতন৷