ছোটবেলায় গ্রামে হিজড়ার দল এলে নবপ্রসূতি বউ-ঝিরা পালিয়ে ঘরে খিল দিতেন। কারণ হিসেবে তাঁদের অনেকেই বলতেন, হিজড়ারা বাচ্চা নাচাতে গিয়ে মনমতো দক্ষিণা না পেলে কোল থেকে ফেলে দেন। এ রকম ঘটনা কোথাও ঘটেছিল কি না জানি না, তবে হিজড়া না নাচানোর যেটা জোরালো যুক্তি ছিল, তা হলো হিজড়াদের চাল, ডাল, আলু, পটোল, নতুন শাড়ি, গামছা ও টাকা দেওয়ার হাত থেকে বাঁচতে চাওয়া।
বয়োজ্যেষ্ঠদের অনেকে যাঁরা বাড়িতে ছেলেশিশু জন্মের জন্য গৌরব বোধ করতেন, তাঁরা বলতেন, ছেলেশিশুকে হিজড়ায় নাচানো ভালো। ওতে ছেলের মঙ্গল হয়। হিজড়াদের পেছন পেছন সারা গ্রাম ঘুরতাম। তাঁদের অদ্ভুত আচরণ, শারীরিক ভঙ্গিমা, নাচ, গান, সাজপোশাক ও কণ্ঠস্বরে বিস্মিত হতাম। তাঁরা পুরুষ ছোকরাদের সঙ্গে ইয়ার্কি-ফাজলামি করতেন। কেউ জ্বালাতন করলে এমন ভাষায় খিস্তিখেউড় করতেন যে কানে আঙুল দিতে হতো। তখন ভাবতাম, অদ্ভুত এ সম্প্রদায়ের লোকেরা কোথায় থাকেন, কাদের সঙ্গে থাকেন, শুধু ছেলে নাচিয়ে পেটের ভাত হয়? তাঁরাও তো কোনো মা-বাবার সন্তান। সেই মা-বাবার সবাই নিশ্চয় পথের ভিখারি নন। কীভাবে তাঁরা সন্তানদের এমন অনিশ্চিত জীবনের দিকে ঠেলে দেন? এসব সন্তানকেও কি মা-বাবা-স্বজনদের প্রতি কোনো অভিমান থাকে না?
বড় হয়ে শহরমুখী হওয়ার পর গ্রামে এখনো হিজড়ারা ছেলে নাচান কি না, সে খবর পাই না। কিন্তু ঢাকা শহরের বাজার-ঘাটে তাঁদের দেখি। সেই একই সাজপোশাক, একই ভঙ্গিমা, একই অবস্থা। তাঁদের নিয়ে সিনেমা-নাটক-সাহিত্য হচ্ছে। বিখ্যাত চলচ্চিত্রকার সদ্যপ্রয়াত ঋতুপর্ণ ঘোষ তার চিত্রাঙ্গদায় এ সম্প্রদায়ের মানুষদের মনোদৈহিক বেদনার এক অভূতপূর্ব চিত্রায়ণে সক্ষম হয়েছেন। ভারতে তাঁদের সম্মানজনক পেশায় নিয়ে আসার কাজ শুরু হয়েছে। থাইল্যান্ডে প্রাকৃতিক কারণেই কি না জানি না, তাঁদের সংখ্যা অনেক বেশি। তাঁরা সেলসগার্লসহ শিল্প-সংস্কৃতি ও অল্প ক্ষেত্রে অন্যান্য উঁচু পেশায় নিয়োজিত।
তবে সাধারণভাবে সব দেশেই এ লিঙ্গের মানুষ যৌনকর্মী হিসেবে বেশি পরিচিত। অথচ মেধায় তাঁরা অন্যান্য লিঙ্গের কারও চেয়ে কম নন। আমরা এখনো ঘৃণাভরে তৃতীয় লিঙ্গের এ প্রাকৃতিক সন্তানদের দূরে সরিয়ে রেখেছি। আমাদের এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। পরিবারের সদস্য হিসেবেই তাঁকে বড় করতে হবে। সামাজিক ট্যাবু যেমন আমরাই সৃষ্টি করি, তেমনি একে মুছে ফেলতেও পারি আমরাই। সেই সন্তানকে বোঝাতে হবে, এ পৃথিবীতে তিন প্রকারের মানুষ জাতি। অন্য সন্তানদের পাশাপাশি সমশিক্ষায় তাঁদের মানুষ করতে হবে। তা না হলে হাজার রকম প্রতিকূলতাকে জয় করে ভারতের শবনম মৌসি ১৯৯৯ সালে এমএলএ পদে অধিষ্ঠিত হতেন না।
এ ছাড়া যেখানে পশ্চিমা বিশ্বের জিম সিনক্লায়ার, শেরিল চেজরা স্বাভাবিক জীবনের সব সুযোগ-সুবিধা ভোগ করছেন, সেখানে আমরা হিজড়াদের সঙ্গে পশুবৎ আচরণ করছি। আমরা কি আমাদের প্রতিবন্ধী শিশুটাকে তাঁদের জন্য নির্ধারিত কোনো আশ্রমে ফেলে আসি? হিজড়ারা তো প্রতিবন্ধী নন। তাঁদের বুঝতে হবে এবং বোঝাতে হবে। তাঁদের মনোবেদনা কীভাবে লাঘব করা যায়, তার পথ খুঁজতে হবে। শারীরিকভাবে নারী হয়ে ওঠার জন্য তাঁদের চিকিৎসার ব্যয় সংগতির মধ্যে রাখার ব্যবস্থা করতে হবে।
সবার আগে আনতে হবে নামের পরিবর্তন। অনেকে বলেন তৃতীয় লিঙ্গ। তার মানে পুরুষ প্রথম লিঙ্গ, নারী দ্বিতীয় আর ওরা তৃতীয়। ওসব চলবে না। সবাই মানুষ। ক্লীব, হিজড়া, বৃহন্নলা, শিখণ্ডী, নপুংসক ইত্যাদি নাম বাদ দিয়ে নারী-পুরুষের সঙ্গে মিলিয়ে নতুন শোভন নামে ডাকতে হবে। আশার কথা, সরকার প্রথমবারের মতো হিজড়া পুনর্বাসনের পদক্ষেপ গ্রহণ করেছে। ২০১১ সালের ১০ আগস্ট সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় মাসিক ভাতা, স্বাস্থ্য কার্ড বিতরণ, ক্ষুদ্রঋণ দেওয়াসহ বিভিন্ন সহায়তার ব্যবস্থা রেখে প্রথমবারের মতো সরকারিভাবে হিজড়া পুনর্বাসন কর্মসূচির প্রস্তাব রাখা হয়েছে।
সমাজসেবা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের প্রায় ৬৫ হাজার হিজড়া জনগোষ্ঠীর জন্য সমাজসেবা অধিদপ্তর ১৫ কোটি টাকা ব্যয়ের দুই বছর মেয়াদি এ কর্মসূচির প্রস্তাব করেছে। আমাদের বিশ্বাস, এ প্রকল্প সঠিকভাবে বাস্তবায়িত হবে। শুধু পাসপোর্টেই নয়, যেসব সংস্থা বা বিভাগ প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মী হওয়ার জন্য ক্ষুদ্রঋণ দিয়ে থাকে, যেমন যুব উন্নয়ন অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তর, কৃষি অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, শ্রম ও কর্মসংস্থান অধিদপ্তর, শিক্ষা অধিদপ্তর, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ইত্যাদি এবং সব ধরনের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ব্যবহূত ভর্তি, নিবন্ধন, তালিকাভুক্তির ফরমে নারী ও পুরুষ উল্লেখকৃত জায়গাগুলোর পাশাপাশি আরও একটি জায়গা বরাদ্দ রাখতে হবে আমাদের অবহেলিত এ কর্মী বাহিনীর জন্য।
সঠিক প্রশিক্ষণ এবং মানুষ হিসেবে মর্যাদা দিলে তাঁদের অপরাধজগৎ থেকে আলোর জগতে টেনে আনা কোনো ব্যাপারই না।
উম্মে মুসলিমা: কথাসাহিত্যিক।