২০০৯ সালে সর্বশেষ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে-স্কেল দেওয়া হয়েছিল। ২০০৯ সালের বাজারদর এবং ২০১৩ সালের বাজারদর এক নেই। এই কয়েক বছরে প্রায় প্রতিটি দ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়েছে এবং কোনো কোনো দ্রব্যের মূল্য প্রায় কয়েক গুণ বেড়েছে।
সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ অবস্থানে প্রায় সবাই সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। বর্তমান বেতনকাঠামোর সঙ্গে এখনকার বাজারদর পুরোপুরি বিপরীত অবস্থায় আছে। যাঁরা ভাড়াবাড়িতে থাকেন তাঁদের এক আতঙ্কের নাম বাড়িভাড়া বৃদ্ধি। প্রতিবছর বাড়িভাড়া বাড়ে। গ্যাস ও জ্বালানির দাম কয়েক দফা বাড়ায় যানবাহনের ভাড়াও কয়েকবার বেড়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে দ্রব্যের বাজারমূল্যের ওপর।
শিক্ষা ব্যয়, বিশেষ করে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের উচ্চ বেতনসহ বিভিন্ন ফির কারণে সীমিত আয়ের এসব কর্মকর্তা-কর্মচারীর সন্তানদের শিক্ষার ব্যয় বহন করা দুর্বিষহ হয়ে উঠেছে। চিকিৎসা ব্যয় এই কয়েক বছরে বেশ বেড়ে গেছে। দেখা যায়, পরিবারের কোনো সদস্য অসুস্থ হলে তাদের জীবন আরও মানবেতর হয়ে ওঠে। তখন বিভিন্ন রকম চিকিৎসা ফি, মেডিকেল টেস্ট, ওষুধ প্রভৃতিতে বেতনের বেশির ভাগ টাকা ব্যয় হয়ে যায়। কোনো কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী না পারছেন সহ্য করতে, না পারছেন সংসার চালাতে।
অতএব বর্তমান সরকারের কাছে আমরা বিনয়ের সঙ্গে দাবি করছি, এই বছর চলতি বাজেটে নতুন পে-স্কেল দেওয়া হোক। যদি সেটা সম্ভব না হয়, তাহলে অন্তত মূল বেতনের শতকরা ৩০ ভাগ মহার্ঘ ভাতা কার্যকর করা হোক, যাতে কিছুটা হলেও বাজারদরের বোঝা লাঘব হয়। এই দুর্বিষহ অবস্থা থেকে রেহাই দিতে হবে। কারণ, নানা সীমাবদ্ধতার মধ্যেও তারাই রাষ্ট্রকাঠামোর হাল ধরে রেখেছেন।
মো. আরিফুর রহমান
সহকারী ব্যবস্থাপক, সাধারণ বীমা করপোরেশন।