পেঁয়াজের দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেঁয়াজ নিয়ে সঠিক তথ্য-উপাত্তের ঘাটতি এবং বিশেষ করে সরকারি যন্ত্রের সৃষ্ট বিভ্রান্তিই দেখা যাচ্ছে পেঁয়াজের সংকট মোকাবিলার প্রধান বাধা। সবচেয়ে বড় পরিহাস, পেঁয়াজের উৎপাদন, চাহিদা, ভোগ ও মজুতের বিষয়ে সরকারের কাছে সঠিক হিসাব নেই। এ-সংক্রান্ত সরকারি অসামর্থ্যও স্বীকার করা হচ্ছে না। সরকারের উচ্চপর্যায়ের নীতিনির্ধারকেরাও এ নিয়ে আদৌ চিন্তিত বলে মনে হয় না।
পঁচাত্তর-পূর্বকালে এক বাংলাদেশি কূটনীতিক একজন মার্কিন কূটনীতিককে বলেছিলেন, ভারতের নিউমোনিয়া হলে বাংলাদেশ হাঁচতে থাকে। ভারতের বাজারে পেঁয়াজের ঝাঁজ তীব্র হয়েছে বলে বাংলাদেশের নাসারন্ধ্রে তার আরও কড়া ঝাঁজ তো লাগবেই। পেঁয়াজের বাজার স্থিতিশীল করতে বাংলাদেশ সরকারের কেরামতি দেখার কিছু নেই। আসল বাস্তব সান্ত্বনা হয়তো ১৯ সেপ্টেম্বর দেওয়া ভারতের বাণিজ্যমন্ত্রী শারদ পাওয়ারের মন্তব্যে নিহিত আছে। তিনি বলেছেন, কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে তাঁর মনে হয়েছে নতুন শস্য উঠতে শুরু করেছে। তাই দু-তিন সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম কমতে শুরু করবে। তাঁরা অবশ্য আফগানিস্তান থেকে আমদানি এবং টনপ্রতি ন্যূনতম রপ্তানি ৬৫০ থেকে ৯০০ ডলারে উন্নীত করে ইতিমধ্যে লাগাম টেনেছেন। রোজার ঈদের আগে ভারত থেকে টনপ্রতি ৩০০ ডলারে আমদানি হচ্ছিল, সেটা এখন আনতে হলে ৯০০ ডলার লাগবে। সুতরাং, ভারত এটা আগের অবস্থায় নামিয়ে না আনলে বাংলাদেশের পাগলা ঘোড়া থামবে বলে বিশ্বাস করা কঠিন।
গত ১৮ আগস্ট বাণিজ্যমন্ত্রী জি এম কাদের বলেছিলেন, দেশে পেঁয়াজের উৎপাদন কত তার সঠিক হিসাব তাঁদের কাছে নেই। এক মাস পরে সংসদে তিনি বলেন, তাঁর মন্ত্রণালয়ের ৮০ শতাংশ কাজ এখন পেঁয়াজবিষয়ক। অত্যাবশ্যকীয় পণ্য হিসেবে স্বীকৃত নয়, এমন একটি নিরীহ পণ্য পেঁয়াজ কি জাদু জানে! পেঁয়াজ নিয়ে সরকারের একটি বিভাগের তথ্যের সঙ্গে আরেকটি বিভাগের তথ্য মিলছে না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অব্যাহতভাবে শিরঃপীড়ার কারণ হিসেবে রয়ে যাচ্ছে। অধিদপ্তরের মতে, ২০১১-১২ অর্থবছরে দেশে প্রায় ১৯ লাখ টন পেঁয়াজ উৎপাদন হয়েছিল। পরিসংখ্যান ব্যুরো বলছে, এটা ১১ লাখ ৫৯ হাজার টন। এ রকম স্ববিরোধিতার জন্য কোনো কৈফিয়ত দিতে হচ্ছে না। এমন কোনো সংসদীয় বা সরকারি কমিটির অস্তিত্ব নেই, যারা এ নিয়ে মাথা ঘামাবে। ১৯ আগস্ট বাণিজ্যসচিব ডেইলি স্টারকে বলেছেন, বার্ষিক চাহিদা ২০ লাখ টন। ট্যারিফ কমিশন মনে করে এর পরিমাণ ২২ লাখ টন।
এই প্রেক্ষাপটে একটি বেসরকারি গবেষণা সংস্থা ইফপ্রির বরাতে প্রথম আলো একটি প্রতিবেদন করেছে। তাদের দাবি পেঁয়াজের মজুত যথেষ্ট। সুযোগ বুঝে অতি মুনাফা করছেন ব্যবসায়ীরা। কিন্তু গ্রহণযোগ্য তথ্য না থাকলে প্রতিকারমূলক কোনো অভিযান চালানোর সুযোগ সীমিত। তাই সরকারের কাছে ইপফ্রিকে আশু বিবেচনায় নেওয়া এবং পেঁয়াজের উৎপাদন, আমদানি, চাহিদা ও ভোগের বিষয়ে সঠিক তথ্য চাওয়া ছাড়া আপাতত আর কীই-বা আশা করা যেতে পারে।