পেছনের দরজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭ অক্টোবর প্রথম আলোয় ‘চট্টগ্রামের ৫০ আসামি রেহাই পাচ্ছেন’ শিরোনামে প্রতিবেদনটিতে বলা হয়েছে, ‘রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় চট্টগ্রামের ১০ খুনসহ ২০টি আলোচিত মামলার অর্ধশতাধিক আসামিকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে।’ এর আগে গত ২২ আগস্ট প্রথম আলোয় ‘আরও ১১৪ হত্যা মামলা প্রত্যাহারের উদ্যোগ’ শিরোনামে প্রতিবেদনে পড়েছিলাম, ‘রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় এ পর্যন্ত সাত হাজার ১০১টি মামলা সম্পূর্ণ বা আংশিক প্রত্যাহারের আদেশ দেওয়া হয়। ফলে খুনি, শীর্ষ সন্ত্রাসী, ধর্ষকসহ প্রায় এক লাখ অভিযুক্ত ব্যক্তি অব্যাহতি পেয়েছেন বা পাওয়ার প্রক্রিয়ায় আছেন।’ প্রশ্ন জাগে, এটা কী বিচারের নামে প্রহসন নয়?
অপরাধ করলে কিংবা অভিযুক্ত হলে সুষ্ঠু বিচারপ্রক্রিয়ার মাধ্যমে অভিযুক্ত ব্যক্তির শাস্তি হবে কিংবা নিরপরাধ প্রমাণিত হলে মুক্তি পাবে। এটাই স্বাভাবিক। এর ফলে কেউ অপরাধ করতে সাহস পাবে না। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হবে না সাধারণ মানুষ। কিন্তু এভাবে যদি বিশেষ প্রক্রিয়ায় (রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায়) অভিযুক্ত ব্যক্তিরা মুক্তি পায়; তবে ন্যায়বিচার পাওয়ার আশা হোঁচট খেতে পারে পদে পদে। যা হতে পারে উদ্বেগজনক।
রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় যদি অভিযুক্ত ব্যক্তিরা এভাবে ছাড়া পায়; তবে তা হয়তো স্বাভাবিক নিয়মে পরিণত হতে পারে। হতে পারে এই সুবিধাটা নেওয়ার জন্য অভিযুক্ত ব্যক্তিরা প্রতিযোগিতায় নামবে। যা কখনো কাম্য নয়। পেছনের দরজা খোলা রেখে সামনের দরজায় তালা ঝুলিয়ে যেমন চুরির উপদ্রব থেকে রক্ষা পাওয়া অসম্ভব; তেমনি এভাবে অভিযুক্ত ব্যক্তিদের মামলা প্রত্যাহার করা হতে থাকলে আইনের শাসন প্রতিষ্ঠা করা কষ্টকর হতে পারে। আমরা চাই আইনের শাসন প্রতিষ্ঠা হোক বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে।
সঞ্জয় কুমার ভৌমিক, বসুন্ধরা, শ্রীমঙ্গল।