গত মঙ্গলবার রাতে বাংলামোটরে পুলিশ সদস্যদের বহনকারী একটি বাসে পেট্রলবোমা হামলা চালিয়ে একজন পুলিশ সদস্যকে খুন করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় চালকসহ আরও দুজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। গত মঙ্গলবার বিকেল পাঁচটায় শেষ হয় বিরোধী দলের অবরোধ কর্মসূচি। তাহলে রাত ১১টা ২০ মিনিটে কারা এই বোমা হামলার ঘটনা ঘটাল?
প্রথম আলোর খবর অনুযায়ী, রাত ১১টা ২০ মিনিটে বাসটি বাংলামোটর মোড়ে থামলে সোনারগাঁও হোটেলের দিকে একটি মোটরসাইকেল দ্রুত বাসটির কাছাকাছি চলে আসে এবং এর পেছনে বসা এক যুবক পর পর দুটি পেট্রলবোমা বাসের ভেতর ছুড়ে মারেন। জনগণের নিরাপত্তা বিধান যাঁদের দায়িত্ব, তাঁরাই যদি এ রকম সন্ত্রাসী হামলার শিকার হন, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে?
এর আগে হরতাল-অবরোধে এ ধরনের বাসে, ট্রাকে, বেবিট্যাক্সিতে পেট্রলবোমা ছুড়ে মানুষ হত্যার ঘটনা অনেক ঘটেছে। প্রশ্ন হলো, এসব ঘটনা কি কোনো রাজনৈতিক দলের কর্মীদের কাজ, না পেশাদার অপরাধীদের? খোদ রাজধানীতে একের পর এক নাশকতার ঘটনা কীভাবে ঘটছে?
অস্বীকার করার উপায় নেই যে বিরোধী দল শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচির কথা বলে এলেও তারা সেই কর্মসূচি শান্তিপূর্ণ রাখতে পারেনি। তারা এসব অঘটনের দায় সরকারের ওপর চাপাতে চাইছে। আর সরকার বিরোধী দলের দিকে অঙ্গুলি নির্দেশ করছে। সরকার যখন জানে, বিরোধী দলের কর্মীরাই এসব সহিংসতা চালাচ্ছেন, তাহলে তাঁদের ধরা হচ্ছে না কেন?
আমরা চাই, রাজনৈতিক পরিচয়নির্বিশেষে এ ধরনের অপরাধের সঙ্গে যারাই জড়িত, তাদের পাকড়াও করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। কিন্তু আসামিদের না ধরে বিরোধী দলের নেতাদের নামে মামলা দায়ের করা হয়েছে। এতে মামলাটি অঙ্কুরে বিনষ্ট হওয়ার আশঙ্কাই বেশি। এবারে পুলিশ বিভাগের সামনে একটি বড় চ্যালেঞ্জ যে তাদের সদস্য হত্যাকারীকে তারা ধরবে, না মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত হতে দেবে?