মুদ্রাস্ফীতি ও মহার্ঘতার কারণে কয়েক বছর পরপর সরকার বেতন ও চাকরি কমিশন গঠন করে। এতে চাকরিরতদের প্রায় সমসংখ্যক পেনশনারদের আর্থিক সুবিধার বিষয়গুলো কম গুরুত্ব পায়। কমিশন শব্দের আগে পেশন শব্দটি না থাকাও এর অন্যতম কারণ।
অথচ পেনশনাররাও সরকারি কর্মচারী। তাঁরা দেশের প্রবীণ নাগরিক এবং মেধা ও জীবনের শ্রেষ্ঠ সময় দেশের সেবায় ব্যয় করে একে উন্নতির পথে এগিয়ে দিয়ে অবসরে যান। এ পর্যায়ে বাড়তি আয়ের জন্য তঁাদের নতুন কিছু করার সামর্থ্য থাকে না। কিন্তু তাঁদেরও নিজের পরিবারের ভরণপোষণের ব্যয় নির্বাহ করতে হয়।
বার্ধক্যজনিত জটিল রোগব্যাধির কারণে তাঁদের চিকিৎসা খরচও অনেক বেশি। তাঁদের বেশির ভাগই শেষ জীবনে অর্থকষ্টের মধ্যে মৃত্যুবরণ করেন। বার্ষিক ইনক্রিমেন্টবিহীন নির্ধারিত পেনশনক্রমে বাজারদরের সঙ্গে সংগতিহীন হয়ে পড়ে।
আবার ১০–১৫ বছর আগে অবসরপ্রাপ্তদের পেশন সমপর্যায়ের সদ্য অবসর গ্রহণকারীদের পেনশনের প্রায় অর্ধেক! এর কারণ বার্ষিক ইনক্রিমেন্টসহ চাকরিরতদের যে হারে বেতন-ভাতাদি বাড়ানো হয়, সে হারে পেনশনারদের আর্থিক সুবিধা বাড়ানো হয় না। ফলে পরবর্তী বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়ন পর্যন্ত ছয়–আট বছরে নির্ধারিত পেনশনের বাজারমূল্য অনেক কমে যায়। এমতাবস্থায় পেনশনারদের কল্যাণার্থে সর্বনিম্ন মাসিক পঁাচ হাজার টাকা সাপেক্ষে চলতি পেনশন দ্বিগুণ করা হোক এবং ৬৫ বছর বয়স পূর্তিতে আরও ২৫ শতাংশ মহার্ঘ ভাতার মধ্যে পেনশনারদেরও সর্বনিম্ন এক হাজার ৫০০ টাকা প্রদান করা হোক এবং ইতিমধ্যে গঠিত চলমান কমিশনের নাম ‘বেতন, চাকরি ও পেনশন কমিশন’ করার বিষয়ে সদয় বিবেচনার জন্য মাননীয় অর্থমন্ত্রী, অর্থসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়, নবগঠিত বেতন ও চাকরি কমিশনের চেয়ারম্যানও সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সহানুভূতি কামনা করছি।
আহ্ছান উল্লাহ্ ছারওয়ার
পশ্চিম খুলশী, চট্টগ্রাম।