পেনশনভোগী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২০ মে ২০১৪ চট্টগ্রামের পশ্চিম খুলশী থেকে আহসান উল্লাহ ছারওয়ার কর্তৃক চিঠিপত্র কলামে ‘পেনশনভোগী’ শিরোনামের লেখাটির প্রতি আমার দৃষ্টি আকর্ষণ হলো। তাঁকে আন্তরিক ধন্যবাদ জানাই এ জন্য যে তিনি আমাদের (পেনশনভোগীদের) একান্ত মনের কথাগুলোই প্রকাশ করেছেন। একমাত্র ভুক্তভোগী ছাড়া কেউ আমাদের সমস্যা নিয়ে চিন্তা করে না বা সমাধানের পরামর্শ দেয় না। নিচের দিকের অবসরপ্রাপ্তরা দুর্বল, অসহায়। তাঁদের কথা কেউ শোনে না। ওপরের দিকের অবসরপ্রাপ্তরা ক্ষমতায় থাকাকালে অনেক কিছুই সংস্কার বা পরিবর্তন করতে পারেন। কিন্তু তাঁরা এ ব্যাপারে কখনো কোনো ভূমিকা রাখেন বলে মনে হয় না। এমনকি অবসরে যাওয়ার পরও তাঁরা নীরব থাকেন। যেখানে তাঁদের নিজেদেরও স্বার্থ জড়িত, সেখানে তাঁরা কথা বলেন না, চেষ্টা করেন না।

চাকরি চলাকালে জুনিয়ররা সিনিয়রদের চেয়ে বেশি বেতন পেতে পারেন না, এই মর্মে বিধান আছে। অথচ পেনশনভোগীদের ক্ষেত্রে এই রকম কোনো বিধান তৈরি হয়নি। বরং এর উল্টোটাই পরিলক্ষিত হয়৷ আহসান উল্লাহ উল্লেখ করেছেন, ১০-১৫ বছর আগে অবসরপ্রাপ্তদের পেনশন সমপর্যায়ের সদ্য অবসর গ্রহণকারীদের পেনশনের প্রায় অর্ধেক। এ ছাড়া, ১৫ বছর আগের পেনশন ভাতার ক্রয়মূল্য বর্তমানে অনেক কম।

সারা জীবন চাকরি করে নানান টানাপোড়েন, অভাব-অনটনের ভেতর দিয়ে সংসার চালিয়ে, ছেলেমেয়েদের লেখাপড়া শিখিয়ে অনেককে ঋণগ্রস্ত হয়ে অবসরে যেতে হয়। আগের ঋণ শোধ, মেয়ের বিয়ে, ছেলের চাকরির তদবির কিংবা ছেলের নিষ্ফল বিদেশ গমন অথবা স্ত্রী বা নিজের মারাত্মক কোনো রোগের চিকিৎসা ইত্যাদি খরচ মেটাতে গিয়ে এককালীন পাওয়া টাকা নিঃশেষ হয়ে যায়। মেয়েদের বিয়ে এবং ছেলেদের রোজগারের ব্যবস্থা হলেও তাদের নিজেদের সংসার ও নানা সমস্যা নিয়ে ব্যস্ত থাকায় বৃদ্ধদের দিকে নজর দেওয়ার সময় তাদের হয় না।

আমি একজন ভুক্তভোগী অর্থাৎ পেনশনভোগী। তাই আহসান উল্লাহর বক্তব্যের প্রতি আমি পূর্ণ সমর্থন দিচ্ছি এবং নবগঠিত কমিশনের নাম ‘বেতন, চাকরি ও পেনশন কমিশন’ করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করছি।

কাজী মোশাররফ হোসেন

বসনা, শরীয়তপুর রোড, মাদারীপুর।