পেনশনভোগীদের দুর্দশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সত্তর দশকে কোনো পেনশন না পাওয়া সশস্ত্র বাহিনীর পেনশনভোগীদের টাকার পরিমাণ এত নগণ্য ছিল যে গত ৪০ বছরে তা দেড় হাজার টাকায়ও উন্নীত হয়নি। ৮০ বছরের অধিক বয়সী বৃদ্ধদের অনেকেই বেঁচে নেই। অনেকে বয়সের ভারে ন্যুব্জ। তাঁদের পক্ষে আয়-উপার্জনও অসম্ভব। তাঁদের পরিবারের অবস্থা শোচনীয়। বার্ধক্যের সুযোগে ডায়াবেটিস, কিডনি, উচ্চ রক্তচাপ, হৃদ্রোগ ইত্যদি ব্যয়বহুল দুরারোগ্য রোগব্যাধি। সন্তানদের গলগ্রহ হতেও অনীহা। তবু তাদের কাছে আশ্রয় নিতে হয়। ছেলেমেয়েরা নিজস্ব পরিবার নিয়ে এই বাজারে বিব্রত ও উৎকণ্ঠিত।
অতীতে অনুপাত হিসেবে মহার্ঘ ভাতা প্রদান করা হতো। এর ফলে অধিক পেনশন ভাতাভোগীদের অর্থ বৃদ্ধি পায় শতকে/সহস্রে আর স্বল্প পেনশনধারীদের ভাগ্যে জোটে দশকের অঙ্ক। অথচ দ্রব্যমূল্য বেড়েছে সবার জন্য সমান। তাই কোনো অনুপাত নয়—মহার্ঘ ভাতা প্রদানের পরিকল্পনা হলে তা যেন কোনো ভেদাভেদ না করে সবার সমান হয়।
এ অবস্থায় মানবিক দৃষ্টিতে দুর্দশাগ্রস্তদের বেঁচে থাকার মতো আর্থিক ব্যবস্থা গ্রহণ করতে অর্থমন্ত্রী, পে-কমিশন, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করছি। এতে প্রবীণেরা শেষ কটা দিন স্বস্তি লাভ করবেন।
পে-কমিশন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পেনশনের যৌক্তিকতা প্রশ্ন তুলতে পারে৷ এর জবাবে আমরা বলব, বেঁচে থাকার মতো সামান্য অর্থ কি রাষ্ট্রের কাছ থেকে প্রবীেণরা দাবি করতে পারেন না?

মুহিউদ্দীন আহমদ

ফ্লাইট সার্জেন্ট (অব.), কাফরুল
ঢাকা সেনানিবাস।