পোলট্রি মুরগির চাহিদা কমছে। কারণ, এসব মুরগিতে মিলছে বিষাক্ত ক্রোমিয়াম, যা ক্যানসারের কারণ হতে পারে—এসব খবরাখবর গণমাধ্যমে বের হওয়ায় অনেক সচেতন ভোক্তা পোলট্রি মুরগি খাওয়া বাদ দিয়েছেন। এই জনসচেতনতাকে আমরা সাধুবাদ জানাতে পারি; কিন্তু তাতে দেশের পোলট্রিশিল্পের অবস্থা দাঁড়াবে কোথায়?
চাহিদা কমার কারণে স্বাভাবিকভাবেই পোলট্রিশিল্পে উৎপাদন কমছে। মানে এই শিল্পের অবস্থা খারাপ হচ্ছে। এই শিল্প সম্পর্কে সাধারণ তথ্য হচ্ছে; দেশে বর্তমানে খামারের সংখ্যা ৭০ হাজার, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মরত মানুষের সংখ্যা প্রায় ৬০ লাখ এবং এই খাতে বিনিয়োগ করা আছে প্রায় ২৫ হাজার কোটি টাকা। এমন একটি খাত ক্ষতিগ্রস্ত হতে থাকলে দেশের অর্থনীতিতে এর বিরূপ প্রভাব পড়বে। ফলে এ মুহূর্তে জরুরি কাজ হচ্ছে এই শিল্পকে রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়া এবং স্বাস্থ্যসম্মত পোলট্রি মুরগি সরবরাহ নিশ্চিত করা।
উদ্বিগ্ন পোলট্রিশিল্প মালিকেরা (ব্রিডার্স অ্যাসোসিয়েশন) এ নিয়ে বুধবার এক গোলটেবিল আলোচনার আয়োজন করেছিলেন।মূল সমস্যাটি পোলট্রিশিল্পে বিষাক্ত খাবারের ব্যবহার। গোলটেবিল আলোচনায় এই শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা জানালেন, কিছু অসাধু ব্যবসায়ী মুরগির খাবারে বিষাক্ত উপাদান মেশাচ্ছে, আর দায় পড়ছে সবার ওপর। আমরা মনে করি, প্রাথমিকভাবে দায়টি এই শিল্পের সঙ্গে জড়িতদেরই নিতে হবে। ব্যবসার ক্ষেত্রে ন্যূনতম নীতি-নৈতিকতা মেনে চলতে না পারলে যেকোনো শিল্পই হুমকির মুখে পড়বে। ফলে পোলট্রিশিল্পের উদ্যোক্তাদের সম্মিলিত সচেতনতাও জরুরি।
এর পাশাপাশি সরকারকে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, তা হচ্ছে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। তবে এ ক্ষেত্রে ব্রিডার্স অ্যাসোসিয়েশনেরও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া দরকার। এ ছাড়া অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করতে তাদের বিশেষ ভূমিকা পালন করতে হবে। গোলটেবিল আলোচনায় একটি পোলট্রি বোর্ড গঠনের দাবি উঠেছে। এ ধরনের কিছু করা হলে এই শিল্পের বিভিন্ন দিকে নজরদারি দেওয়া এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সহজ হবে।