পোশাকশিল্প দেশের শুধু প্রধান রপ্তানি খাতই নয়, বেসরকারি খাতের বিশাল এক কর্মসংস্থানের উৎস। বিশেষ করে স্বল্পশিক্ষিত, নিরক্ষর ও দরিদ্র নারীদের কর্মসংস্থানে এর অবদান অপরিসীম। পোশাকশিল্পের মালিকপক্ষ ছাড়াও সারা দেশের লাখ লাখ শ্রমজীবী নারী-পুরুষ ও তাঁদের পরিবারের আরও কয়েক লাখ সদস্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ শিল্পের ওপর নির্ভরশীল। কিন্তু একশ্রেণীর অর্থলোভী ও বিবেকহীন মালিকের কারণে বারবার এ শিল্পে সীমাহীন ব্যর্থতার নজির মিলছে। বিভিন্ন গার্মেন্টসে প্রায় প্রতিবছর ছোট-বড় অগ্নিকাণ্ডের ঘটনায় যে অভিযোগ বারবার পাওয়া যায়, তা হলো বহির্গমন সিঁড়ির স্বল্পতা ও ভবনের মূল ফটক বন্ধ থাকা। এ বিষয়ে নানা তদন্ত ও সুপারিশ থাকলেও এ বিষয়ে দৃশ্যমান উন্নতি বা সার্বিক পরিত্রাণ এখনো মেলেনি।
সাম্প্রতিক কালের সবচেয়ে দুটি মর্মান্তিক ঘটনা তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিকের মৃত্যু ও হতাহতের ঘটনা এবং রানা প্লাজা ধসের ঘটনায় সহস্রাধিক শ্রমিকের মৃত্যু এবং কয়েক হাজার শ্রমিকের আহত বা পঙ্গু হওয়া। এ দুটি ঘটনা বিশ্ববিবেককে নাড়া দেয়।
আশা করা গেছে, এমন মর্মান্তিক ঘটনার পর সংশ্লিষ্ট সব মহল সর্বোচ্চ দায়িত্বশীল হবে; কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, অনেকেরই বোধোদয় হয়নি। কিন্তু এ ধরনের ন্যক্কারজনক ঘটনার জন্য কোনো মালিককে যথাযথ বিচারের আওতায় এনে শাস্তির মুখোমুখি হতে হয়েছে, এমনটি শোনা যায় না। যেসব মালিক তাঁর শ্রমিকের জন্য কর্মস্থলে নিরাপত্তা দিতে ব্যর্থ, তাঁদের এ শিল্পে সংযুক্ত থাকা কতটুকু যুক্তিযুক্ত? পোশাকশিল্পের মালিক বেশি বেশি মুনাফা লাভের আশায় পণ্যের সর্বোচ্চ ‘কোয়ালিটি কন্ট্রোল’ নিশ্চিত করে থাকেন। অথচ যাঁদের শ্রমঘামে সেগুলো উৎপাদিত হচ্ছে, তাঁদের প্রতি সীমাহীন অবহেলার কারণে দেশের বিশাল সম্ভাবনাময় খাত আজ হুমকির সম্মুখীন। বারবার সতর্ক করার পরও অবস্থার উন্নতি না ঘটায় যুক্তরাষ্ট্র আমাদের জিএসপি সুবিধা স্থগিতসহ বিভিন্ন শর্ত আরোপ করেছে। বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা থেকেও নানা ধরনের চাপ দেওয়া হচ্ছে।
লজ্জার বিষয় হলো, আমরা তাতেও সামান্যতম বিচলিত না হয়ে বা সংকটে সুচিন্তিত ও বাস্তবমুখী পদক্ষেপ নেওয়ার পরিবর্তে এটাকে একটি রাজনৈতিক ইস্যু হিসেবে গণ্য করে পারস্পরিক দোষারোপ আর দেশি-বিদেশি ষড়যন্ত্রতত্ত্ব আবিষ্কারে মগ্ন হয়ে পড়েছি।
পোশাকশিল্পের শ্রমিকদের কল্যাণ, নিরাপত্তা, কর্মপরিবেশসহ সার্বিক মানোন্নয়নে মালিক-শ্রমিক, তাঁদের নিজ নিজ সংগঠনগুলো ছাড়াও প্রশাসনসহ প্রত্যেকের দায়িত্বশীল আচরণ কাম্য।
শাহীদুল আযম
উত্তর টোলারবাগ, মিরপুর, ঢাকা।