পোশাকশিল্পে অশনিসংকেত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যা ছিল বাংলাদেশের পোশাকশিল্পের গর্ব, তা আগুনে ছাই হয়ে গেছে। সংঘটিত শিল্পনাশকতায় কারখানাটিই শুধু ধ্বংস হয়নি, ঘটনাটি মালিক-শ্রমিক—সবার আত্মবিশ্বাসে ধাক্কা দিয়েছে। বাংলাদেশের পোশাকশিল্পের জন্য এ ঘটনা গুরুতর অশনিসংকেত! মালিক আর শ্রমিক যখন একসঙ্গে হাহাকার করে, তখন বুঝতে হবে স্ট্যান্ডার্ডের সঙ্গে সঙ্গে এমন একটা কিছু ধ্বংস হয়েছে, যা অমূল্য।
১৯ হাজার শ্রমিকের কারখানায় মালিক-শ্রমিকের সম্পর্ক কখনোই অসন্তোষে পড়েনি। শ্রমিকবান্ধব হিসেবে যে মালিকের সুনাম ছিল, বিশ্বের শ্রেষ্ঠতম ব্র্যান্ডগুলোর আস্থা ছিল যে প্রতিষ্ঠান, কার আক্রোশে তা পুড়ে ছাই হলো? এ প্রশ্নের উত্তরের ওপরই নির্ভর করছে বাংলাদেশে পোশাকশিল্পের ভবিষ্যৎ নিরাপত্তা। স্ট্যান্ডার্ডই ওই অঞ্চলের একমাত্র কারখানা, মজুরি নিয়ে সাম্প্রতিক মহাবিক্ষোভের সময়ও যার শ্রমিকেরা কাজ ফেলে যাননি। মজুরি, শ্রমিকের নিরাপত্তাসহ সব অর্থেই কারখানাটি কমপ্লায়েন্স (মানসম্পন্ন কর্মপরিবেশ) মেনে চলছিল গোড়া থেকেই। সেখানে এমনটি ঘটা খুবই অস্বাভাবিক!
ঘটনার আলামত বলছে, এটা শ্রমিক বিক্ষোভের ফল নয়, পরিকল্পিত নাশকতা। বহিরাগত ব্যক্তিরা প্রথমে শ্রমিকদের উসকানোর ব্যর্থ চেষ্টা করে। অবশেষে রাজনৈতিক অস্থিরতার চরম মুহূর্তে নিপুণ পরিকল্পনামাফিক তারা কারখানাটি জ্বালিয়ে দেয়। প্রায় ৫০ লাখ ঘনফুটের নয়তলা ও ছয়তলাবিশিষ্ট কারখানা ধ্বংসে মালিক ১২০০ কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন।
তাজরীন ও রানা প্লাজার ঘটনায় মালিকের দায় ছিল। ন্যায্য মজুরি দিতে গোঁয়ার্তুমিও শ্রমিকদের হতাশ ও বিক্ষুব্ধ করে রেখেছিল। এমন পরিস্থিতিতেই সম্ভব ষড়যন্ত্রমূলক বিক্ষোভের পরিকল্পনা করা। এখানেও ঘটনার হোতারা রামু ও সাঁথিয়ার মতো গুজব ছড়াতে মসজিদের মাইক ব্যবহার করেছে। তারা সড়ক অবরোধ করে কারখানাটিকে বিচ্ছিন্ন করে আগুন ছড়ানোর জন্য যথেষ্ট সময় পেয়েছে। স্থানীয় প্রভাবশালীদেরও এতে জড়িত থাকা আরও উদ্বেগজনক।
বিজেএমইএ ও সরকার যদি পোশাক খাতকে নিরাপদ ও মানবিক করায় যা যা করণীয় সব না করে, তাহলে নিকট প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে। মালিক-শ্রমিক বিরোধ বা অন্য কোনো পরিস্থিতিতে স্বার্থান্বেষী মহল যাতে শ্রমিকদের ব্যবহার করতে না পারে, সে জন্য তাদেরই সর্বোচ্চ সজাগ ও সতর্ক থাকতে হবে। স্ট্যান্ডার্ড কারখানার ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি দিন। একই সঙ্গে পুড়ে যাওয়া কারখানাটি যাতে অবিলম্বে চালু করা যায় সে জন্য সরকার ও বিজেএমইএ সহায়তার হাত বাড়িয়ে দিক, এটাই আমাদের দাবি।