পোশাকশিল্পের শ্রমিকেরা যে অসন্তোষের জানান দিচ্ছেন, তা প্রতিক্রিয়া মাত্র। প্রতিটি ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। রানা প্লাজার দুনিয়া কাঁপানো ট্র্যাজেডি এবং বাংলাদেশে ও সম্ভবত বিশ্বের সর্বনিম্ন মজুরির শিকার হওয়ার পর মনে হচ্ছে, শ্রমিকদের ধৈর্যচ্যুতি ঘটছে। মজুরি বৃদ্ধি না করায় মালিকপক্ষের একগুঁয়েমি শ্রমিকদের মরিয়া করে তুলছে। তাহলেও, আন্দোলন যদি নৈরাজ্যে পরিণত হয়, তাহলে তার শিকার যে শ্রমিকেরাই হবেন, এই উপলব্ধি এখন খুবই প্রয়োজন। মালিকপক্ষকেও বুঝতে হবে, পরিস্থিতি আর কখনোই আগের মতো থাকবে না। সময় থাকতেই ন্যায্য মজুরির দাবি পূরণ না হলে, আখেরে তারা বিপদে পড়বে। কিন্তু হতাশার কথা হলো, মালিকপক্ষ চরম হঠকারিতার পরিচয় দিচ্ছে আর সরকার করছে দায়িত্বহীন আচরণ।
দেশের পোশাকশিল্প এলাকায় এক সপ্তাহ ধরে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে। বিভিন্ন স্থানে শ্রমিকেরা রাস্তাঘাট অবরোধ করছেন, কারখানা ভাঙছেন। মজুরি বোর্ডের বৈঠকে শ্রমিকেরা আবারও মালিকপক্ষের হূদয়হীনতায় ক্ষুব্ধ হয়েছেন। প্রথমত, শ্রমিকদের দাবি ন্যূনতম মজুরি আট হাজার ১১৪ টাকার জায়গায় মালিকপক্ষ মাত্র তিন হাজার ৬০০ টাকার বেশি দিতে রাজি নয়। শ্রমিকেরা তা মানতে রাজি নন। দ্বিতীয়ত, তাজরীনের আগুনের পর রানা প্লাজার ধস তাঁদের সব আশা-ভরসা গুঁড়িয়ে দিয়েছে। মজুরির সমস্যার চেয়ে বড় হয়ে উঠছে জীবনের নিরাপত্তার দাবি। দুটি বিপর্যয়েই ক্ষতিপূরণ দেওয়ায় মালিকপক্ষের অনিচ্ছা শ্রমিকসহ দেশবাসীকে মর্মাহত করেছে। তৃতীয়ত, ঈদের আগে বেতন-বোনাস পাওয়া নিয়েও বরাবরের মতো শ্রমিকেরা সন্দিহান। চতুর্থত, পোশাকশিল্পে কর্মরত ৪০ লাখ শ্রমিকের ওপর কর্তৃত্ব নেওয়ায় উদ্দেশ্যে সরকারের একজন মন্ত্রীর অতি উৎসাহী তৎপরতাও শ্রমিকদের মধ্যে উত্তেজনার জন্ম দিচ্ছে। এসব কিছুরই যোগফল হলো সাম্প্রতিক শ্রমিক বিক্ষোভ।
দেশের সবচেয়ে ব্যবসাসফল খাতেই যখন সর্বনিম্ন মজুরি দেওয়া হয় এবং বিরাজ করে অমানবিক পরিবেশ, তখন সেই খাতে শান্তি আসতে পারে না। যে পোশাকমালিকেরা দেশের সবচেয়ে বিকশিত শিল্পোদ্যোক্তার সম্মান পেতে পারতেন, অতিমুনাফার লোভে তা তাঁরা হারিয়ে ফেলছেন। তার পরও শ্রমিক-মালিক সম্পর্ককে কাজের উপযোগী রাখতে হবে। পুরো বিষয়টিই এখন নির্ভর করছে সরকারের সদিচ্ছার ওপর। শ্রমিক ও মালিকের চূড়ান্ত ব্যবস্থাপক ও অভিভাবক হিসেবে সরকারকেই মানবিক হস্তক্ষেপ করতে হবে।
মজুরি বোর্ডের সরকারি সদস্যরা অন্যান্য দেশের মজুরি বিষয়ে জানতে পূর্ব এশীয় বেশ কয়েকটি দেশ সফরের উদ্যোগ নিয়েছেন। পরিহাস এই, ইন্টারনেটের এই যুগে তথ্য পেতে বিদেশ সফরের দরকার নেই, দরকার ছিল শ্রমিকদের দুর্দশা জানতে তাঁদের কাছে যাওয়া। সরকারি অর্থের আর অপচয় না করে, মালিকপক্ষের গোঁয়ার্তুমিতে কান না দিয়ে সরকারের উচিত দ্রুতই মজুরি সমস্যার শ্রমিকবান্ধব সমাধান দেওয়া। শ্রমিকদেরও উচিত, জনজীবনে কিংবা উৎপাদনে ব্যাঘাত ঘটে এমন কিছু থেকে বিরত থাকা। রাজপথের বিকল্প আরও মোক্ষম পথ তাঁদের খুঁজতেই হবে।