নানা বিপত্তি ও ঝুঁকি থাকা সত্ত্বেও বাংলাদেশের তৈরি পোশাকশিল্প বিশ্ববাজারে স্থায়ী জায়গা করে নিয়েছে। বর্তমানে এ খাত থেকে বাংলাদেশ বছরে দুই হাজার কোটি ডলারের বেশি আয় করছে। আশার কথা, এ খাতে রপ্তানি আয় আরও বেশি করার সুযোগ রয়েছে।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত দুটি আয়োজনেই তৈরি পোশাকশিল্পের বিষয়টি গুরুত্ব পায়। একটি হলো বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ও ডিএফআইডি-ইএসআরসি গ্রোথ রিসার্চ প্রোগ্রাম প্রজেক্ট (ডিইজিআরপি) আয়োজিত সংলাপ এবং অন্যটি সংশোধিত শ্রম আইন, ২০১৩-এর ওপর এক প্রশিক্ষণ কর্মশালা। প্রথমোক্ত সংলাপে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ২০২১ সালের মধ্যে তৈরি পোশাক খাতে রপ্তানি আয় পাঁচ হাজার কোটি ডলারে উন্নীত করা সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন। দ্বিতীয় আয়োজনে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, জিএসপি সুবিধা পেতে হলে কারখানার কর্মপরিবেশ উন্নয়নে আরও অনেক কিছু করতে হবে।
এ কথা অনস্বীকার্য যে দেশের তৈরি পোশাকের দ্রুত বিকাশের পেছনে উদ্যোক্তাদের যেমন ভূমিকা আছে, তেমনি এই খাতে কর্মরত শ্রমিকদের অবদানও কম নয়। শুধু জিএসপি সুবিধা পাওয়ার জন্যই নয়, আমাদের তৈরি পোশাক খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য এবং শ্রমিকের মজুরি ও কারখানার কর্মপরিবেশ উন্নত করার বিকল্প নেই। মনে রাখা প্রয়োজন যে আমাদের তৈরি পোশাকশিল্পটি গড়ে উঠেছে অপরিকল্পিতভাবে। ফলে কারখানায় কর্মরত শ্রমিকদের জীবনই যে কেবল ঝুঁকিপূর্ণ হয়েছে, তা-ই নয়; জনজীবনেও এর মারাত্মক বিরূপ প্রভাব পড়েছে।
এখন তৈরি পোশাকশিল্পের আধুনিকায়ন এবং পরিকল্পিত শিল্পনগর গড়ে তোলা জরুরি। শ্রমিকদের কর্মস্থলের পাশাপাশি নিরাপদ আবাসের ব্যবস্থা করতে হবে। যেসব শিল্পমালিক এসব শর্ত পূরণ করবেন, তাঁরাই টিকে যাবেন, অন্যদের ঝরে পড়তে হবে। তৈরি পোশাকশিল্পের মালিকদের প্রতিষ্ঠান বিজিএমইএর নেতাদেরও ভোটের রাজনীতির চিন্তা বাদ দিতে হবে। প্রতিটি কারখানার মালিক যাতে আইনকানুন মানেন এবং শ্রমিকদের ন্যূনতম মজুরি পরিশোধ করেন, সে জন্য সরকারের কঠোর ও নিয়মিত নজরদারি থাকতে হবে। শ্রমিকদের কর্মপরিবেশ উন্নত হলে বাণিজ্যমন্ত্রী ২০২১ সালের মধ্যে তৈরি পোশাক খাতে রপ্তানি আয় যে পাঁচ হাজার কোটি ডলারে উন্নীত করার কথা বলেছেন, তা বাস্তবায়ন অসম্ভব নয়।
দীর্ঘ মেয়াদে প্রতিযোগিতা করেই বাংলাদেশের তৈরি পোশাক খাতকে টিকে থাকতে হবে; জিএসপি সুবিধা বা অন্যান্য ছাড়ের কথা ভাবলে চলবে না। সে ক্ষেত্রে শ্রমিকদের প্রশিক্ষণের ওপরও জোর দিতে হবে। মালয়েশিয়াসহ অন্য দেশের শিল্পমালিকেরা শ্রমিকদের কল্যাণে মুনাফার একাংশ ব্যয় করতে পারলে আমাদের মালিকদের আপত্তি কোথায়? মনে রাখতে হবে, তাঁরা যে মুনাফা করেন, তার কৃতিত্ব এককভাবে তাঁদের নয়, এর পেছনে শ্রমিকদের মাথার ঘাম পায়ে ফেলা শ্রম আছে। তৈরি পোশাকের বাজারটি যে তাঁরা ধরে রাখতে পেরেছেন, তা এই সস্তা শ্রমের কারণেই। তাহলে শ্রমিকদের জীবনমান বাড়ানোর পদক্ষেপ নেবেন না কেন?