পোশাকশিল্পের প্রণোদনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ গত বৃহস্পতিবার দেশের পোশাকশিল্পের জন্য যে একগুচ্ছ প্রণোদনা ঘোষণা করেছেন, তা বেশ উৎসাহব্যঞ্জক। এসব প্রণোদনা বাস্তবায়িত হলে এই শিল্প রাজনৈতিক অস্থিরতার কারণে যে ক্ষতির শিকার হয়েছে, তা কাটিয়ে উঠে আরও শক্তিশালী হবে।
বাণিজ্যমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, পোশাকশিল্পের রপ্তানিমূল্যের ওপর দশমিক ২৫ শতাংশ হারে নগদ সহায়তা দেওয়া হবে। উৎসে কর দশমিক ৮ শতাংশ থেকে কমিয়ে দশমিক ৩ শতাংশ নির্ধারণ করা হয়েছে। নতুন বাজারে পণ্য রপ্তানির ক্ষেত্রে নগদ সহায়তা ২ শতাংশ থেকে বাড়িয়ে ৩ শতাংশ করা হয়েছে। বাণিজ্যমন্ত্রী আরও বলেছেন, দু-এক দিনের মধ্যেই সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন শুরু হবে। এটা স্পষ্ট যে এসব প্রত্যক্ষ আর্থিক প্রণোদনা সরকারের তরফ থেকে তৈরি পোশাকশিল্পের মালিকদের জন্য একটি বড় সহযোগিতা। এই সহযোগিতা পুরো পোশাকশিল্পের সামর্থ্য বৃদ্ধিতে সহায়ক হবে।
মনে রাখা প্রয়োজন, পোশাকশিল্পের প্রধান চালিকাশক্তি হলেন এর শ্রমিকেরা। তাঁদের অক্লান্ত পরিশ্রমের ফলেই আমাদের তৈরি পোশাকশিল্প বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানি শিল্পের মর্যাদা অর্জন করেছে। কিন্তু এই শিল্পের শ্রমিকদের অজস্র সমস্যা রয়েছে, যেগুলো পূরণে মালিকদের আরও সক্রিয় হওয়া উচিত।
কিন্তু চটগ্রামে যে অনুষ্ঠানের উদ্বোধনীতে বাণিজ্যমন্ত্রী এসব প্রণোদনার কথা ঘোষণা দিয়েছেন, সেখানে শ্রমিকদের ব্যাপারে কিছু বলা হয়নি। তৈরি পোশাক কারখানাগুলোর কাজের পরিবেশ উন্নয়নের তাগিদ দীর্ঘ সময়ের। কিছু কিছু কারখানায় শ্রমিকদের কাজের নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে অবকাঠামোগত উন্নয়নের প্রয়াস চলছে বটে, কিন্তু অনেক কারখানা মালিকের কাছেই বিষয়গুলো যথেষ্ট গুরুত্ব পাচ্ছে না। তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ড ও রানা প্লাজা দুর্ঘটনার মতো বিরাট ট্র্যাজেডি ঘটে যাওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেছে, কিন্তু এখনো অনেক কারখানায় অগ্নিকাণ্ডের সতর্কতামূলক ব্যবস্থা, যেমন ফায়ার অ্যালার্ম ও ফায়ার এক্সিটের ব্যবস্থা করা হয়নি। অ্যাকর্ডের পরিদর্শনে নানা রকম ঘাটতি ধরা পড়ায় কয়েকটি কারখানা সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার খবরও সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। বাণিজ্যমন্ত্রী এ প্রসঙ্গে বলেছেন, অল্প সময়ে সব কারখানার অবকাঠামোগত সমস্যা দূর করা সম্ভব নয়। সেটা হয়তো কিছুটা সঠিক; কিন্তু সরকার ও বিজিএমইএর তরফ থেকে চাপ না থাকলে গাফিলতি দূর হবে না, সময়ক্ষেপণও চলতে থাকবে।
সরকারের এই প্রণোদনা ঘোষণার পর পোশাকমালিকদের দায়বদ্ধতা আরও বেড়ে গেল। রাষ্ট্রের কাছ থেকে এই সহযোগিতাপ্রাপ্তির বিনিময়ে পোশাকমালিকদের কাছে রাষ্ট্রের দাবি হবে এ শিল্পের জনবলের জীবনমান ও কাজের সামগ্রিক পরিবেশের উন্নয়ন। পোশাকশিল্প আমাদের সবচেয়ে স্বাস্থ্যবান শিল্প, এই শিল্পের শ্রমিকদের জীবনমানও তাই সবচেয়ে উন্নত হওয়া জরুরি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পোশাকশিল্পের শ্রমিকদের জীবনমান অন্য শিল্পশ্রমিকদের তুলনায় নিম্ন। এই অবস্থার পরিবর্তন করতে হবে, পোশাকমালিকদের আন্তরিকতার মাধ্যমেই সেটা সম্ভব।